✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৭:১৫:২৩ |তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমান। এ সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়ন পরিদর্শন করতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন। পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়নে যান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য দেখেন। এই সময়ে প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাদের আগ্রহের কথা জানতে চান প্রধানমন্ত্রী।’
যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা জানান, তারা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেছেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে পৃথিবীর পরিবেশ রক্ষা করা যায় এবং মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।
জুট প্যাভিলিয়নে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বাংলাদেশ জুট প্যাভিলিয়নে ব্যাগ, বিভিন্ন ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে।
প্যাভিলিয়নের কর্মকর্তারা জানান, বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
প্যাভিলিয়ন পরিদর্শনের সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।