✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৬, | ১৬:৫৯:০৭ |বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়ি যেন আতঙ্কের নতুন ঠিকানা হয়ে উঠেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তার জুহুর বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নতুন করে পাঠানো হুমকিমূলক ইমেইল ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, বাড়িটিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।
শুক্রবার মুম্বাই পুলিশ জানায়, অমিতাভের বাসভবনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়েছে। শুধু ‘জলসা’ নয়, একই বার্তার অনুলিপি পাঠানো হয়েছে বোম্বে হাইকোর্ট ও মহালক্ষ্মী রেসকোর্সেও। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট স্থানগুলোতে তল্লাশি চালায় নিরাপত্তাকর্মীরা। তবে কোথাও বিস্ফোরক কিংবা সন্দেহজনক কোনো বস্তু মেলেনি।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ইমেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে, কারা এর পেছনে রয়েছে এবং হুমকির সত্যতা কতটুকু তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।
এর আগে, গত ২৩ অক্টোবরও একই ধরনের হুমকি পেয়েছিলেন অমিতাভ বচ্চন। ওই ইমেইলে মুম্বাইয়ের মেয়র রিতু তাওড়ে ও ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ীকেও অনুলিপি পাঠানো হয়েছিল। সেখানে ৩১ অক্টোবরের মধ্যে একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়। পাশাপাশি ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের জুহুর বাড়িতে হামলার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছিল।
শুধু তাই নয়, প্রথম হুমকিমূলক বার্তায় ‘খালিস্তান’-এর প্রসঙ্গ টেনে আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হামলার হুমকিও দেওয়া হয়েছিল। একের পর এক এমন বার্তায় মুম্বাইয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।
এদিকে হুমকির প্রভাব পড়েছে অমিতাভের দীর্ঘদিনের রবিবারের ভক্ত-দর্শনেও। প্রতি সপ্তাহে রবিবার জুহুর ‘জলসা’র সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন এই বর্ষীয়ান অভিনেতা। বহু বছর ধরে চলে আসা এই রীতিতে সাম্প্রতিক হুমকির কারণে যুক্ত হয়েছে বাড়তি নিরাপত্তা।
গত রবিবার বাড়ির বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়লেও এবার তাকে দেখা গেছে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়ালে। উঁচু মঞ্চে বসানো ওই নিরাপত্তাবেষ্টনীর ভেতর থেকেই ভক্তদের অভিবাদন জানান তিনি। এ সময় তার পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন ও নিরাপত্তাকর্মীরা।
সূত্র: এনডিটিভি