✕


ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী কে এই কোজো তাশিমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৬, | ১৬:৫৭:১৫ |

ফিফা সভাপতি পদে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন জাপানের ফুটবল সংগঠক কোজো তাশিমা। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৮ বছর বয়সী এই জাপানি কর্মকর্তা। তিনি নির্বাচিত হলে ফিফার ইতিহাসে প্রথম জাপানি সভাপতি হবেন।

খেলোয়াড়, কোচ ও ফুটবল সংগঠক তিন পরিচয়েই অভিজ্ঞ তাশিমা। ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে ফুটবল খেলা দেখার পর এই খেলাটির প্রতি তার আগ্রহ তৈরি হয়। এরপর নিজের জীবনকে জাপানে ফুটবলের উন্নয়নে উৎসর্গ করেন তিনি।

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতোতে জন্ম নেওয়া তাশিমা স্কুলজীবনে ফুটবলে বেশ সফল ছিলেন। জাতীয় পর্যায়ের স্কুল ফুটবল প্রতিযোগিতায় নিজের দলকে শিরোপা জেতাতেও নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ডাক পান জাপানের জাতীয় দলে। তবে খেলোয়াড়ি ক্যারিয়ার বেশি দীর্ঘ হয়নি। পরে কোচ হওয়ার লক্ষ্য নিয়ে জার্মানিতে পড়তে যান।

জার্মানির কোলন স্পোর্টস ইউনিভার্সিটিতে পড়াশোনার অভিজ্ঞতা তার ফুটবল ভাবনায় বড় পরিবর্তন আনে। সেখানকার বৈজ্ঞানিক ও পরিকল্পিত প্রশিক্ষণপদ্ধতি তাকে মুগ্ধ করে। দেশে ফিরে জাপানের ফুটবল উন্নয়নে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে শুরু করেন।

বিশ্ববিদ্যালয় দলের কোচ হিসেবে কাজ করার পর যোগ দেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনে (জেএফএ)। সংস্থাটির বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও বয়সভিত্তিক জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পালন করেন। ধীরে ধীরে উঠে আসেন সংগঠনটির শীর্ষ পর্যায়ে। ২০১৬ সালে জেএফএর সভাপতি নির্বাচিত হন। ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে সংস্থাটির সম্মানসূচক সভাপতি।

তাশিমার নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপের মাত্র দুই মাস আগে জাপানের কোচ ভাহিদ হালিলহোজিচকে বরখাস্ত করা হয়েছিল। তাঁর জায়গায় দায়িত্ব পান আকিরা নিশিনো। শেষ পর্যন্ত সেই বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল জাপান। এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলেও দায়িত্ব পালন করেছেন তাশিমা।

ফিফা সভাপতি পদে প্রার্থী হওয়ার কারণ হিসেবে ফুটবলের স্বচ্ছতা ও সততা রক্ষার কথা বলেছেন তিনি। তাশিমার মতে, অর্থ ও ব্যবসার প্রভাব বাড়লেও খেলাধুলার মৌলিক মূল্যবোধ অক্ষুণ্ন রাখা জরুরি। চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের দলের ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ নিয়েও ফিফার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

তাশিমার দাবি, তাঁর প্রার্থিতা শুধু জয়-পরাজয়ের বিষয় নয়; বরং জাপানের ফুটবলে গড়ে ওঠা সততা ও মূল্যবোধ বিশ্বের কাছে তুলে ধরাই তাঁর লক্ষ্য। তবে ইনফান্তিনোর বিপক্ষে নির্বাচনে তিনি কতটা সমর্থন পান, সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..