✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৬, | ১৬:৪০:৫৮ |শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করলে কেউ লাভবান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, দেশে একটি কৃত্রিম সংকট তৈরি করতেই এসব অপতৎপরতা চালানো হচ্ছে এবং এতে পলাতক শক্তি আত্মগোপনে থেকে কলকাঠি নাড়ছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, পোশাক শ্রমিকদের আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে। আত্মগোপনে থাকা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনায় উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কিছু কারখানার মালিক এই অরাজকতার সঙ্গে জড়িত রয়েছেন এবং প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। চলমান শ্রমিক অসন্তোষে সংহতি প্রকাশকারী বিরোধী পক্ষগুলোর সমালোচনা করে তিনি বলেন, এর মধ্য দিয়ে তাদের সঙ্গে ফ্যাসিবাদের গোপন আঁতাতের প্রমাণ স্পষ্ট হচ্ছে।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই শীর্ষ নেতা জানান, দিবসটি উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দিবসের শোভাযাত্রার উদ্বোধন করবেন।