✕


আকুর বিল পরিশোধের পর ৩০ বিলিয়ন ডলারের নিচে রিজার্ভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৬, | ১১:২৫:২৫ |

আমদানি দায় পরিশোধে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

এই অর্থ পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) 'ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল, সিক্সথ এডিশন' (বিপিএম৬) হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, আকুর বিল পরিশোধের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য-সম্পর্কিত লেনদেন নিষ্পত্তি সহজ করার লক্ষ্যে ১৯৭৪ সালে একটি আঞ্চলিক ব্যবস্থা হিসেবে 'এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন' (আকু) প্রতিষ্ঠিত হয়।

আকু পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতি দুই মাস অন্তর সদস্য দেশগুলোর মধ্যকার আমদানির বিল পরিশোধ করা হয়। বাংলাদেশ ছাড়াও এই আঞ্চলিক লেনদেন ব্যবস্থায় ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই ৯টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো এই বহুপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে লেনদেন সম্পন্ন করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..