✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৫১:৩৩ |মাত্র ২০ বছর বয়সেই ফর্মুলা ওয়ানের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন ইতালির কিমি আন্তোনেল্লি। মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে তৃতীয় হয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছেন মার্সিডিজের এই তরুণ চালক। এর মধ্য দিয়ে জার্মানির সেবাস্তিয়ান ভেটেলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
রবিবার (১ নভেম্বর) মেক্সিকো সিটির অটোদ্রোমো এরমানোস রদ্রিগেস সার্কিটে অনুষ্ঠিত ৭১ ল্যাপের রেসে ২০ বছর ৬৮ দিন বয়সে শিরোপা নিশ্চিত করেন আন্তোনেল্লি। এর আগে ২০১০ সালে ২৩ বছর বয়সে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিলেন ভেটেল।
আন্তোনেল্লির এই সাফল্যের মধ্য দিয়ে দীর্ঘ ৭৩ বছর পর ফর্মুলা ওয়ানে বিশ্বচ্যাম্পিয়ন পেল ইতালি। সর্বশেষ ১৯৫৩ সালে দেশটির হয়ে বিশ্বসেরার মুকুট জিতেছিলেন আলবার্তো আসকারি।
মৌসুমের আরও চারটি রেস বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছেন আন্তোনেল্লি। চালকদের পয়েন্ট তালিকায় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার ব্যবধান দাঁড়িয়েছে ১১৯ পয়েন্টে। ফলে বাকি রেসগুলোর ফলাফলে আর কোনো পরিবর্তনই তার শিরোপা কেড়ে নিতে পারবে না।
মেক্সিকো সিটির রেসে জয় পেয়েছেন রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন। দ্বিতীয় হয়েছেন ফেরারির লুইস হ্যামিল্টন। বিজয়ীর চেয়ে ৪ দশমিক ০০৬ সেকেন্ড পিছিয়ে থেকে তৃতীয় স্থান অর্জন করেন আন্তোনেল্লি।
বিশ্বচ্যাম্পিয়ন হতে এই রেসে অন্তত নবম স্থান অর্জন করলেই চলত তার। তবে চতুর্থ স্থান থেকে শুরু করে শেষ পর্যন্ত তৃতীয় হয়ে প্রত্যাশার চেয়েও ভালো পারফরম্যান্স দেখান মার্সিডিজের এই চালক।
শিরোপা নিশ্চিত হওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি আন্তোনেল্লি। দলের সঙ্গে রেডিও যোগাযোগে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পরে পরিবারের সদস্য ও মার্সিডিজ দলের সঙ্গে ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেন।
তবে রেসটি সহজ ছিল না। একাধিক দুর্ঘটনা, দুবার সেফটি কারের প্রবেশ এবং দীর্ঘ সময় রেস বন্ধ থাকার কারণে উত্তেজনা ছড়ায়। ক্যাডিলাকের ভালতেরি বত্তাসের গাড়ির সাসপেনশন বিকল হয়ে দুর্ঘটনা ঘটলে প্রায় ৩৩ মিনিট রেস বন্ধ রাখতে হয়। পরে চিকিৎসা পরীক্ষার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
রেসে চতুর্থ হয়েছেন ফেরারির শার্ল লেক্লের, পঞ্চম ম্যাকলারেনের ল্যান্ডো নরিস এবং ষষ্ঠ হয়েছেন মার্সিডিজের জর্জ রাসেল।
এই রেসের পর চালকদের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভার্স্টাপেন। তার পরেই রয়েছেন হ্যামিল্টন ও রাসেল। অন্যদিকে দলগত চ্যাম্পিয়নশিপে ফেরারির চেয়ে ১২৬ পয়েন্টে এগিয়ে রয়েছে মার্সিডিজ।
মাত্র দ্বিতীয় মৌসুমেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ফর্মুলা ওয়ানের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন কিমি আন্তোনেল্লি।