✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৪৭:২৯ |শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলেছে পুলিশ। বোর্ড গঠনের খবর জানার পর শ্রমিকদের আন্দোলন বন্ধ হওয়ার কথা। আজ শ্রমিকরা কেউ আসেননি। এলাকার পরিবেশ-পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক।
পুলিশের এই কর্মকর্তা বলেন, শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, রাস্তা অবরোধ, ভাঙচুর কিংবা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য পুলিশের ব্যাপক সদস্য মোতায়েন রয়েছে। এলাকায় পুলিশ সদস্যদের পাশাপাশি টহল দলও দায়িত্ব পালন করছেন।