✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১২:১৩:৩৮ |যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের পরাজয়ের শঙ্কা নিয়ে ‘বিরল স্বীকারোক্তি’ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাদের পাঠানো প্রস্তাবে ভেটো দেওয়ার মাধ্যমে রাজনৈতিক সমঝোতায় বাধ্য করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
আগামীকাল ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প।
২ নভেম্বর প্রকাশিত নিউইয়র্ক পোস্টের একটি পডকাস্ট সাক্ষাৎকারের আগাম অংশে তিনি এ কথা বলেন। এর আগে রবিবার (১ নভেম্বর) ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের ওই অংশ প্রচার করা হয়।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে তাকে হয়তো ‘মিস্টার ভেটো’ হতে হবে। ‘তারা (ডেমোক্র্যাটরা) বিভিন্ন প্রস্তাব পাঠাবে, আর আপনি সেগুলোতে ভেটো দেবেন।’
তিনি আরও বলেন, ‘এক বা দুই মাস ধরে তাদের সব প্রস্তাবে ভেটো দেওয়ার পর, যখন তারা বুঝবে যে এসব করে শুধু সময় নষ্ট হচ্ছে, তখন তারা এসে সমঝোতা করবে।’
মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের পরাজয়ের শঙ্কা নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যকে বিরল স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে। কারণ, নির্বাচনের আগে রিপাবলিকানদের পক্ষে জনসমর্থন ধরে রাখতে তিনি একের পর এক নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন।
হেরে যাওয়ার আরও সম্ভাব্য কারণ
গতকাল রবিবার কানসাস ও আইওয়া অঙ্গরাজ্যে নির্বাচনি সমাবেশে যোগ দিতে যান ট্রাম্প। ঐতিহ্যগতভাবে এসব অঙ্গরাজ্য রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের উদ্বেগের কারণে এবার এসব এলাকায়ও দলটির জন্য নির্বাচনি লড়াই কঠিন হয়ে উঠেছে।
অধিকাংশ জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় তিনটি আসন জয়ের অবস্থানে রয়েছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারেও দলটির আত্মবিশ্বাস বাড়ছে। সিনেটের সাতটি আসনে দুই দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন বেশ কাছাকাছি।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস