সাভারে পুলিশের এসআই খুন, প্রাইভেটকার চালক গ্রেপ্তার

নিহত পুলিশের সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন। ছবি: সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ১২:৪২:৫০ |
সাভারের আমিনবাজার পুলিশের এক সাব ইন্সপেক্টরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে আমিনবাজার বরদেশি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এক প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

নিহত আলতাফ হোসেনকে (৫৮) ঢাকার মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মালিক জহিরুল ইসলাম। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম জানিয়েছেন।

জানা গেছে, নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে কারখানার কাছেই ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ।একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখে তিনি এগিয়ে যান। এ সময় আলতাফ প্রতিবাদ করলে ওই যুবকরা তাকেও মারধর করেন। প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন।

পরে ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলে মো. আরিফকে পিটিয়ে চলে যায়।

পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, অপরাধীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, অপরাধ প্রবণ এলাকা হিসেবে একসময় মাদকের স্বর্গরাজ্য ছিল আমিনবাজার। ২০০৭ সালের ৩ মার্চ আমিনবাজারের সালেহপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হন র‍্যাব-১১-এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হুমায়ুন কবির এবং কনস্টেবল ফুল মিয়া।



এছাড়া আমিনবাজারে মতিউর রহমান নামে পুলিশের আর একজন সাব-ইন্সপেক্টরকেও হত্যা করে সন্ত্রাসীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..