✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ১৪:১৮:১৩ |নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ- সিলেট সড়কের পাশে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী ও শিশুসহ ১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে লাশসহ আহতদের উদ্ধার করেন।
জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৭) গতকাল শুক্রবার রাতে নরসিংদীর গাউছিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়। আজ শনিবার সকালে নরসিংদী থেকে এম্বুলেন্সে করে তার লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন তার বাবা ও চাচা। এম্বুলেন্সে দুই পরিবারের শিশু নারীসহ ১২ জন যাত্রী ছিলেন।
পথে সকালে সুনামগঞ্জ- সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয় এক পথচারী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা খাদ থেকে মরদেহসহ সবাইকে উদ্ধার করে।
আহতরা হলেন ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়া (৫৫), তার স্ত্রী হেনা আক্তার (৩৫), সাদিয়া আক্তার (১৫), তানিসা আক্তার (৮), ছেলে আরিফুল ইসলাম ফয়েজ (২০), আবু সুফিয়ান (১৩) ফয়েজের স্ত্রী রহিমা বেগম (১৯), ছেলে মো. রাইয়ান মিয়া ( ২), হেলাল মিয়ার ছোট ভাই বিল্লাল হোসেন (২২) বিল্লাল হোসেনের স্ত্রী তানজিনা বেগম (২০), তাদের মেয়ে সাবিনা বেগম (৪), ছেলে ফুয়াদ আহমেদ (২)।
এছাড়া এম্বুলেন্স চালক রনক হাসান হৃদয়ও (৩৮) আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত সাদিয়া আক্তারের চাচা কাজল মিয়া বলেন, আমার দুই ভাই পরিবার নিয়ে নরসিংদী এলাকার থাকেন। বড় ভাইয়ের মেয়ে সাদিয়া গতকাল রাতে বাসার ছাদে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আজ সকালে তার লাশ নিয়ে বাড়িতে আসার সময় এম্বুলেন্সটি সড়কের পাশে খাদে পড়ে যায়, এতে এম্বুলেন্সে থাকা সবাই আহত হয়েছে। তবে আল্লাহ আমাদের রক্ষা করেছেন, যেভাবে এম্বুলেন্স খাদে পড়েছিল বড় দুর্ঘটনার আশংকা ছিলো।
শান্তিগঞ্জ উপজেলা ফায়ার এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মো. ফজল মিয়া বলেন, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের একটি মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরসিংদীতে নাকি মারা গেছে। স্বজনরা অ্যাম্বুলেন্স করে তার লাশ নিয়ে আজ সকালে বাড়ি ফিরছিলেন। পথে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রন হারিয়ে সদরপুর এলাকায় সড়কের পাশে খাদে পড়ে যায়। একজন পথচারীর মাধ্যমে খবর পেয়ে মরদেহসহ সবাইকে উদ্ধার করা হয়েছে। অ্যাম্বুলেন্সে মরদেহের সাথে ১২ জন যাত্রী ছিল। শিশু ও নারীসহ সবাই আহত হয়েছেন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।