✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ১৪:৩৫:১০ |ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশ-বিদেশ থেকে অর্থ আসতে থাকা নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ১১ বিলিয়ন রুপি ছাড়িয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপাল নিউজ।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নেপাল সরকারের প্রধানমন্ত্রীর প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বর্তমানে সম্মিলিতভাবে ১১.০৫ বিলিয়ন রুপি জমা রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা দিতে সরকার ইতোমধ্যে সংগৃহীত তহবিল থেকে ১ বিলিয়ন রুপি বরাদ্দ করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দেশের ৯টি বাণিজ্যিক ব্যাংকের হিসাবে মোট ৮,০৬২,৫১৫,৫১৮ রুপি জমা রয়েছে। এর বাইরে হিমালয়ান ব্যাংক ও লক্ষ্মী সানরাইজ ব্যাংকের বৈদেশিক মুদ্রার হিসাবে আরও ১৯,৮৩৭,৬৯৫ মার্কিন ডলার রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপালের ভোতেকোশি ও ত্রিশূলী নদীতে আকস্মিক বন্যা বা হড়পা বান আঘাত হানে। এতে শনিবার ভোর পর্যন্ত দেশটিতে ১৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৪ হাজার ৯০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।