ব্যবসায়ীর গরু নিয়ে গেল এনজিওকর্মীরা, এলাকায় তোলপাড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৮:২৩:০৭ |
ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সুমন চন্দ্র রায় ঠাকুরগাঁও পৌরশহরের রোড এলাকার বাসিন্দা এবং পেশায় ওষুধ ব্যবসায়ী। তিনি জানান, ইএসডিওর শান্তিনগর শাখা থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ নেওয়ার পর থেকে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন এবং তার কোনো কিস্তি বকেয়া ছিল না।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি বাসা পরিবর্তনের পর গত ৩০ জুলাই ইএসডিওর কয়েকজন মাঠকর্মী তার বাড়িতে গিয়ে এককালীন পুরো ঋণ পরিশোধের জন্য চাপ দেন। তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় তারা বাড়ি থেকে একটি গরু নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ও মুদি দোকানি ছানোয়ার হোসেন বলেন, সুমনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তিনি পালিয়ে যাচ্ছিলেন না। সবার সামনেই টানাহেঁচড়া করে গরুটি নিয়ে যাওয়া হয়েছে। তার কিস্তিও বকেয়া ছিল না। এমন আচরণ ঠিক হয়নি।

ভুক্তভোগী সুমন চন্দ্র রায় বলেন, নিয়ম অনুযায়ী ঋণ পরিশোধের জন্য তার আরও সাত মাস সময় ছিল। এছাড়া সংস্থার কাছে তার নিরাপত্তা চেকও রয়েছে। এরপরও গরু নিয়ে যাওয়ায় তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঘটনার ছয় দিন পরও গরুটি ইএসডিওর শান্তিনগর শাখা কার্যালয়ের মাঠে রাখা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট মাঠকর্মী ও শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শাখার এক কর্মচারী বলেন, গ্রাহক অন্যত্র চলে যাচ্ছেন—এমন তথ্য পাওয়ার পর গরুটি অফিসে আনা হয়েছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ইএসডিওর এরিয়া ম্যানেজার মিতালি বলেন, ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্য শুনে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার দাবি, গ্রাহক অন্যত্র চলে যাচ্ছিলেন বলেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এ ঘটনায় এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..