✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১৯:৪১:৫৭ |লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়াকে (২২) গ্রেফতার করেছে রংপুর র্যাব ১৩।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র্যাব ১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে, একই দিন ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত জীবন মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলছিল। এ সময় জীবন মিয়া প্রতিবেশী ওই শিশুকে ডেকে ফাঁকা একটি টিনশেড ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি জানালে তার পরিবার লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জীবন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী এলাকায় অভিযান চালিয়ে জীবন মিয়াকে গ্রেফতার করে রংপুর র্যাব ১৩ এর একটি দল।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম সরদার জানান, ধর্ষণ মামলায় র্যাবের হাতে গ্রেফতার হওয়া জীবন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।