বিয়ে না দেওয়ায় ক্ষোভ, ছেলের হাতে প্রাণ গেল মা-বাবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ১৮:০৩:২২ |

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর ঘটনাস্থল থেকে মায়ের মরদেহ উদ্ধারসহ অভিযুক্তকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।

এই ঘটনায় তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটকের তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিজ বাড়িতে বিয়ে না দেওয়ার বিষয় নিয়ে রোমি রাজ দাশগুপ্তের সঙ্গে তার মা কল্পনা দাশগুপ্তের (৫৫) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে ঘটনাস্থলেই কল্পনা দাশগুপ্ত মারা যান।

এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশগুপ্তকেও (৬৫) উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সে তোলার পর তার মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন উদ্দীন বলেন, আহত অবস্থায় স্বপন দাশগুপ্তকে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল, তবে অ্যাম্বুলেন্সে তোলার পর তিনি মারা যান।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..