মদিনায় কাতারি শিক্ষার্থীদের কোরআন ও সিরাত কোর্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ০০:২৮:১৪ |
কাতারি শিক্ষার্থীরা মদিনায় কোরআনের বিশেষ কোর্স সম্পন্ন করেছে। ২ জুলাই থেকে ১৩ জুলাই ২০২৬ পর্যন্ত চলা কোর্সটি কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় তাদের দাওয়াহ ও ধর্মীয় দিকনির্দেশনা বিভাগের তত্ত্বাবধানে সম্পন্ন করেছে। এই কোর্সে আল নুর কোরআনিক এডুকেশনাল সেন্টার এবং আল এমাদি মডেল এডুকেশনাল সেন্টারের ৩০ জন কাতারি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কোর্সের লক্ষ্য ছিল এমন একটি আদর্শ কোরআনপ্রজন্ম গড়ে তোলা, যারা কোরআন হিফজ ও তিলাওয়াতে উত্কর্ষ অর্জনের পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও উত্তম চরিত্রে সমৃদ্ধ হবে। একটি সমন্বিত শিক্ষা ও আধ্যাত্মিক পরিবেশের মাধ্যমে তরুণদের সঙ্গে পবিত্র কোরআনের সম্পর্ক আরো সুদৃঢ় করাও ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

মসজিদে নববীর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নিবিড় কোরআন হিফজ ও পুনরালোচনা সেশন, শিক্ষামূলক পাঠ, সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ছিল। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষাগত, নৈতিক ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করে। মদিনার পবিত্র পরিবেশ এবং মসজিদে নববীর আধ্যাত্মিক আবহ শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেছে এবং কোরআনের প্রতি তাদের ভালোবাসা ও সংযোগকে আরো গভীর করেছে।

সমাপনী অনুষ্ঠানে কোরআন হিফজ ও পুনরালোচনায় সর্বোচ্চ মূল্যায়ন অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। কোর্সজুড়ে তাদের নিষ্ঠা, অধ্যবসায় ও অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং কোরআনের পথে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব অংশগ্রহণকারীকে উত্সাহমূলক পুরস্কারও দেওয়া হয়। কিছু শিক্ষার্থী কোর্স চলাকালেই তাদের মুখস্থ করা কোরআনের অংশ তিনবারেরও বেশি সম্পূর্ণ তিলাওয়াত করতে সক্ষম হয়।

কোরআন শিক্ষার পাশাপাশি কর্মসূচিতে রাসুলুল্লাহর (সা.) সাহাবিদের জীবন, মদিনা মুনাওয়ারার ফজিলত এবং আজীবন কোরআনের সঙ্গে সম্পর্ক অটুট রাখার গুরুত্ব নিয়ে শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানামুখী কার্যক্রমেও অংশ নেয়। এ ছাড়া শিক্ষার্থীরা মদিনার কয়েকটি গুরুত্বপূর্ণ ইসলামী ও ঐতিহাসিক স্থান মসজিদে কুবা, সাবআ মসজিদ (সাত মসজিদ), জাবালে উহুদ এবং উহুদের শহীদদের কবরস্থান পরিদর্শন করে।


সূত্র : দ্য পেনিনসুলা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..