মেহেরপুরে নারী ও শিশুকে লক্ষ্য করে এসিডের বোতল নিক্ষেপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১২, | ১৫:১২:১৬ |

মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় গভীর রাতে এক নারী ও একটি শিশুকে লক্ষ্য করে এসিডভর্তি কাঁচের বোতল নিক্ষেপের অভিযোগ উঠেছে। পরপর দুটি বোতল ছোড়া হলেও সেগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান তারা। 

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মায়া খাতুনের জানান, প্রচণ্ড গরমের কারণে শনিবার রাতে তিনি তার ভাগ্নে হুজাইফাকে নিয়ে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় বাড়ির পাশের একটি ভবনের ছাদ থেকে পরপর দুটি এসিডভর্তি কাঁচের বোতল তাদের লক্ষ্য করে ছুড়ে মারা হয়। তবে দুটি বোতলই লক্ষ্যভ্রষ্ট হয়ে ভেঙে পড়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি অভিযোগ করেন, এ সময় তিনি চিৎকার করলে দুই ব্যক্তি ওই ভবন থেকে দ্রুত নেমে মোটরসাইকেলে করে পালিয়ে যান। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার কারণ ও প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..