বাংলাদেশের খাবারের সংস্কৃতিতে গরু ও খাসির মাংস দুটিই অত্যন্ত জনপ্রিয়। ঈদ, বিয়ে, দাওয়াত কিংবা পারিবারিক বিশেষ আয়োজন- সবখানেই এই দুই ধরনের মাংসের প্রচলন চোখে পড়ে। অনেকেই স্বাদের ভিত্তিতে পছন্দ করেন, কেউ বলেন খাসির মাংস বেশি মজাদার, আবার কেউ গরুর মাংসকে বেশি পুষ্টিসমৃদ্ধ মনে করেন।
কিন্তু একজন পুষ্টিবিদের বিচারে শুধু স্বাদ নয়; বরং পুষ্টিগুণ, চর্বির পরিমাণ, হজমযোগ্যতা, ক্যালোরির ঘনত্ব এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর প্রভাব- সবকিছুই বিবেচনায় আসে।
আসলে খাসির মাংস ও গরুর মাংস দুটিই উচ্চমানের প্রোটিনের উৎস। তবে দুই ধরনের মাংসে পুষ্টিগুণ, চর্বির পরিমাণ এবং শরীরে প্রভাবের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
প্রোটিনের পরিমাণ
গরুর মাংস এবং খাসির মাংস- দুটিতেই উচ্চমানের প্রোটিন থাকে, যা মাংসপেশি গঠন, টিস্যু মেরামত এবং শরীরের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।
তবে সাধারণভাবে চর্বিছাড়া গরুর মাংসে তুলনামূলকভাবে প্রোটিনের ঘনত্ব কিছুটা বেশি হতে পারে এবং ফ্যাট কিছুটা কম হতে পারে। অন্যদিকে খাসির মাংসেও ভালো পরিমাণে প্রোটিন থাকে, তবে এর ফ্যাট ভিন্ন হওয়ায় ক্যালরি কিছুটা বেশি হতে পারে।
ফ্যাট ও কোলেস্টেরলের পার্থক্য
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলোর একটি। খাসির মাংসে সাধারণত স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ , বিশেষ করে দৃশ্যমান চর্বিযুক্ত অংশে বেশি থাকে। এজন্য এটি বেশি সুস্বাদু ও রসালো মনে হয়। কিন্তু অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট দীর্ঘমেয়াদে কোলেস্টেরল বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
গরুর মাংসে চর্বির পরিমাণ কাট অনুযায়ী ভিন্ন হয়। চর্বিহীন গরুর মাংস বেছে নিলে তুলনামুলকভাবে কম ফ্যাট এবং কম ক্যালরি পাওয়া যেতে পারে।
তাই যারা ওজন কমাতে চাইছেন, উচ্চ কোলেস্টেরলে ভুগছেন, হৃদরোগের ঝুঁকি আছে, ফ্যাটি লিভার বা স্থুলতা নিয়ে চিন্তিত তাদের জন্য প্রোটিন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে খাসির মাংসের ক্ষেত্রে।
আয়রন ও ভিটামিন বি ১২
দুই ধরনের মাংসই আয়রন-এর ভালো উৎস, যা শরীর সহজে শোষণ করতে পারে। এটি রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে।
তবে গরুর মাংসে আয়রন এবং ভিটামিন বি১২-এর পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি পাওয়া যেতে পারে। এজন্য দুর্বলতা, আয়রনের স্বল্পতা বা বি ১২-ঘাটতির ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য পরিমিত পরিমাণে গরুর মাংস উপকারী হতে পারে।
হজমের বিষয়
অনেকেই মনে করেন খাসির মাংস ‘হালকা’, কিন্তু বাস্তবে বিষয়টি রান্নার ধরন এবং ফ্যাটের পরিমাণের উপর নির্ভর করে।
অতিরিক্ত তেল-মসলা ও চর্বিযুক্ত রান্না হলে খাসির মাংস হজমে ভারী লাগতে পারে। আবার গরুর মাংস যদি অতিরিক্ত চর্বিযুক্ত অংশ দিয়ে রান্না করা হয়, সেটিও হজমের সমস্যা তৈরি করতে পারে। তাই স্বাস্থ্যকরভাবে রান্না যেমন-কম তেলে রান্না, অতিরিক্ত চর্বি বাদ দেওয়া, পর্যাপ্ত মসলার ভারসাম্য বজায় রাখা, খাবারের সাথে সালাদ ও ফাইবার সমৃদ্ধ খাবার রাখা খুব গুরুত্বপূর্ণ।
ক্যালোরির ঘনত্ব
খাসির মাংসে সাধারণত ক্যালোরির ঘনত্ব বেশি হয়, কারণ এতে ফ্যাটের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। অন্যদিকে চর্বিহীন গরুর মাংসে কম ক্যালরির বিকল্প হতে পারে। তাই যারা খাবারে কম ক্যালরি চাচ্ছেন, তাদের জন্য প্রোটিন জিরো করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
কার জন্য কোনটি ভালো?
এখানে ‘একটি ভালো, অন্যটি খারাপ’-এভাবে বলা ঠিক হবে না। বরং ব্যক্তির শারীরিক অবস্থা, জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস অনুযায়ী কোন মাংস খাবেন সেটা ঠিক করা উচিত।
গরুর মাংস যাদের জন্য উপকারী হতে পারে
উচ্চ প্রোটিন প্রয়োজন হয়
রক্তাল্পতা ঝুঁকি থাকলে
ক্রীড়াবিদ বা বাড়ন্ত কিশোর-কিশোরীদের জন্য
তুলনামূলকভাবে চর্বিহীন মাংসের বিকল্প চাইলে
খাসির মাংস যাদের জন্য উপকারী হতে পারে
পরিমিত গ্রহণে পুষ্টির বৈচিত্র্যর জন্য
মাঝে মাঝে উৎসবের খাবার হিসাবে
যারা স্বাদ পছন্দ করে
খাসির মাংস কিংবা গরুর মাংস - দুটিই সুষম খাদ্যর অংশ হতে পারে, যদি তা পরিমিত পরিমাণে এবং স্বাস্থ্যকর উপায়ে খাওয়া হয়। তবে মুল বিষয় হচ্ছে কতটুকু খাচ্ছি, কত ঘন ঘন খাচ্ছি, কীভাবে রান্না করছি, সর্বোপরি ব্যক্তির জীবনযাপন পদ্ধতি কেমন তার উপর নির্ভর করে। মনে রাখতে হবে, স্বাস্থ্যকর খাওয়াদাওয়া মানে কোনো খাবারকে পুরোপুরি বাদ দেওয়া নয়; বরং সচেতনভাবে ভারসাম্য বজায় রাখা।
এ জাতীয় আরো খবর..