ভিসাসেবা নিয়ে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার কথা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে প্রতারণার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়। ভিসা পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি বা ব্যক্তিগত তথ্য চাওয়া হলে তা বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি প্রতারক চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভারতীয় ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার চেষ্টা করছে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা সংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।
এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
হাইকমিশন আরও জানায়, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
এ জাতীয় আরো খবর..