বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে সাগর হোসেন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন আলতাফনগর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর উত্তরপাড়া এলাকার পারভেজ আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনটি আলতাফনগর রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর স্টেশনের পশ্চিম দিকে পৌঁছালে সাগর হোসেন ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার (৫ আগস্ট) সকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..