✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১১:২৭:০৪ |বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির ব্যর্থ পরিকল্পনার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব এখন আর গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান লিগসের সভাপতি ক্লডিয়াস শ্যাফার।
রবিবার সুইস সংবাদপত্র সোনটাগসসাইটুং-কে দেওয়া সাক্ষাৎকারে শ্যাফার বলেন, ফিফার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলোকে না জানিয়েই ইনফান্তিনো এই পরিকল্পনা এগিয়ে নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে যেকোনো প্রতিষ্ঠান বা সংস্থায় এর "একমাত্র পরিণতি" হওয়া উচিত নেতৃত্বের জবাবদিহি।
ইনফান্তিনোর বর্তমান অবস্থান ফিফা সভাপতির জন্য অগ্রহণযোগ্য হয়ে পড়েছে কি না এমন প্রশ্নের জবাবে শ্যাফার বলেন, “কোনো প্রতিষ্ঠানে কেউ যদি সবার অজান্তে এমন বড় ব্যবসায়িক সিদ্ধান্ত এগিয়ে নেন, তাহলে সাধারণত সেটিই তার জন্য স্বাভাবিক পরিণতি হয়ে দাঁড়ায়।”
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিক বিক্রির পরিকল্পনাটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শেষ পর্যন্ত শুক্রবার ইনফান্তিনো ঘোষণা দেন, ফিফা পরিকল্পনাটি বাতিল করেছে।
এরপর শনিবার ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানায়।
শ্যাফার, যিনি সুইস ফুটবল লিগের প্রধান নির্বাহীও, বলেন, এই প্রস্তাব থেকে স্পষ্ট হয়েছে যে ফিফার মূল লক্ষ্য ছিল তৃতীয় পক্ষের আর্থিক লাভ নিশ্চিত করা। এজন্য ভবিষ্যতে আরও বড় ও বেশি প্রতিযোগিতা আয়োজনের চিন্তা করা হচ্ছিল।
তিনি বলেন, “এখানে শুধু আর্থিক সুবিধার কথাই ভাবা হয়েছে, অন্য সব বিষয় পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।”
তিনি আরও বলেন, ইউরোপিয়ান লিগস এই পরিকল্পনার বিরোধিতা করেছে, কারণ এতে আন্তর্জাতিক ফুটবল সূচিতে আরও বেশি ম্যাচ যুক্ত হবে, যা ইতোমধ্যেই ব্যস্ত সূচির মধ্যে থাকা জাতীয় লিগগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
শ্যাফারের দাবি, পরিকল্পনা সম্পর্কে ফিফা কাউন্সিল সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাও আগাম কিছু জানত না। তিনি বলেন, “আমি বিস্মিত হয়েছি যে, এই বিষয়ে সভাপতি একাই সিদ্ধান্ত নিয়ে এগিয়েছেন।”