রাতভর ঘুমের পরও ক্লান্ত লাগে কোন উপকরণের ঘাটতিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১৯:৫৭:৩৭ |
সারাদিন পরিশ্রম করলে শরীর এমনিতেও ক্লান্ত লাগে। কিন্তু তেমন কোনও কারণ ছাড়া এমনকী রাতভর ভালো ঘুমের পরও যদি শরীর ক্লান্ত লাগে তাহলে সাবধান হওয়া জরুরি। পুষ্টিবিদবিদর মতে, বিশেষ কিছু পুষ্টি-উপাদানের ঘাটতি হলে শরীর এমনিতেই ক্লান্ত লাগে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু ভিটামিন এবং খনিজ আছে, যা অতি স্বল্পমাত্রায় দরকার হলেও, দরকার। একে বলা বয় মাইক্রোনিউট্রিয়েন্টস। শরীরে এসব পুষ্টি-উপাদানের ঘাটতি হলে মস্তিষ্কে ধোঁয়াশা তৈরি হতে পারে, শরীর অল্পে ক্লান্ত হতে পারে, দেখা দিতে পারে আরও নানা রকম সমস্যা। শারীরবৃত্তীয় নানা কাজের ফলে কোষের ক্ষয় হয়। এজন্য দরকার হয় প্রয়োজনীয় পুষ্টির। 

যেসব উপকরণে ঘাটতি হলে ক্লান্তি বাড়ে
ভিটামিন বি: কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে শক্তি বা এটিপি উৎপাদনে ভিটামিন বি-এ ভূমিকা গুরুত্বপূর্ণ। কোনও কারণে ভিটামিনটির অভাব হলে শক্তি উৎপাদন ব্যাহত হতে পারে। তখন শরীর ক্লান্ত লাগে। দুধ, পনির, দইসহ বিভিন্ন রকম বাদামে ভিটামিন বি পাওয়া যায়। 

প্রোটিন: পেশি সবল রাখতে, দৈনন্দিন কাজের শক্তি জোগাতে প্রোটিন খুবই জরুরি। প্রোটিনের অভাব হলে বার বার খিদে পায়, মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষণ তৈরি হয়। দিনের পর দিন প্রোটিনের অভাব হলে শরীর পেশিতে জমা থাকা প্রোটিন ভাঙতে শুরু করে। এর ফলে দুর্বল বোধ হয়। প্রোটিনের ঘাটতি পূরণে দৈন্দিন খাদ্যতালিকায় মাছ, মাংস, ডিম, পনির, ডাল, দুধ, সয়াবিন রাখুন। 

ইলক্ট্রোলাইটস: পানি কম খেলে, সোডিয়াম-পটাশিয়ামের অভাব হলে শরীরে ইলেক্ট্রোলাইটসের ভারসাম্য নষ্ট হয়। এর ফলেও ক্লান্ত লাগে। পানির অভাবে শারীরবৃত্তীয় কাজও বাধাপ্রাপ্ত হয়। শরীরের পানিশূন্যতা রোধে ডাবের পানি, রসালো ফল, তরমুজ, শসা খান। 

ম্যাগনেশিয়াম: ম্যাগনেশিয়ামের অভাব হলে ঘুমের সমস্যার পাশাপাশি পেশিতে টান ধরতে পারে। পেশির পুনরুজ্জীবনেও সাহায্য করে খনিজটি। ম্যাগনেশিয়ামের অভাব হলেও শরীর ক্লান্ত লাগে। এর ঘাটতি পূরণে কুমড়োর বীজ,কাঠবাদাম, কাজুবাদাম খেতে পারেন। 

কোন কোন খাবার জরুরি
ভারতীয় পুষ্টিবিদ লভনীতের মতে, শরীরে ভিটামিন বি’য়ের জোগান ঠিক রাখতে এক কাপ টক দই, না হলে ১০০ গ্রাম পনির খাদ্যতালিকায় রাখুন। প্রোটিন চাহিদা পূরণ করতে ছোলা ভাজা বা অঙ্কুরিত ছোলা, মুগ ডাল খান। আমিষের ঘাটতি মেটাতে খেতে হবে ডিম, মাছ, মাংস। ডাবের পানি যেমন ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষায় জরুরি, তেমনই তা শরীরে পানিশূন্যতাও দূর করে। সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা ঠিক রাখতে ডাব না খেলেও প্রতিদিন কলা খেতে পারেন । ম্যাগনেশিয়ামের মাত্রা ঠিক রাখতে খাদ্যতালিকায় বাদাম, কুমড়োর বীজ রাখুন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..