✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ২০:২৮:২০ |ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে জেলার সরাইল উপজেলার ছেত্রা নদী ও দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর একজনের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। তাদের ধারণা দুজনকেই হত্যা করে নদীতে ফেলা হয়েছে। এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল-রাজাপুর সড়কে ছেত্রা নদীর পাড় থেকে আবেদ আলী (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। সে পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে এবং অরুয়াইল বাজারের একটি মসলার মিলে কাজ করতো।
মসলা মিলের মালিক বাহলুল আহমেদ ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় আবেদ আলী মিলের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। পথিমধ্যে সে তার এক চাচাতো ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল। এরপর থেকে আবেদ আলীর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্থানীয় লোকজন নদীর পাড়ে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করার আঘাত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে শহরের আনন্দবাজার কারখানাঘাট এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ২২ বছর। তবে মরদেহটি তিন থেকে চার দিন পানিতে থাকায় পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, সোমবার দুপুরে তিতাস নদীর পারে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি ৩ থেকে ৪ দিন ধরে পানিতে ভাসমান ছিলো। মরদেহটি নদীতে পাওয়া যাওয়ায় নৌ পুলিশকে খবর দেয়া হয়। তারা এসে মরদেহটির পরিচয় শনাক্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করছেন।