চলতি বছর বিশ্বজুড়ে বিলাসপণ্যের বাজার চাঙ্গা করবে চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৮:২৭:৪৬ |
বিশ্বব্যাপী বিলাসপণ্যের বাজারে ২০২৫ সালের স্থবিরতা কাটিয়ে চলতি বছর বড় ধরনের প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও মূলত চীনের হাত ধরে এ শিল্পে নতুন গতি সঞ্চার হতে যাচ্ছে। এইচএসবিসি, ডয়চে ব্যাংক এবং বিএনপি পারিবাসের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বজুড়ে বিলাসপণ্যের বিক্রি ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

এইচএসবিসির তথ্যমতে, ২০২৬ সালে চীনের মূল ভূখণ্ডে বিলাসপণ্যের বাজার ৮ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ বাড়তে পারে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ইউরোপের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের বাজারে ৫ শতাংশ পতনের আশঙ্কা করা হচ্ছে।

ডয়চে ব্যাংকের বিশ্লেষকরা মনে করছেন, চীনের আবাসন খাতের সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে এ পুনরুদ্ধার প্রক্রিয়া কিছুটা ধীর হতে পারে। তবে চীন সরকার আবাসন খাতের উন্নয়ন ও ভোক্তা ব্যয় বৃদ্ধিতে যে পদক্ষেপ নিয়েছে, তার সুফল এরই মধ্যে চীনা নববর্ষের ছুটিতে লক্ষ করা গেছে।

চীনের রিয়েল এস্টেট খাতের মন্দা কাটিয়ে ওঠার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে চীনের চারটি প্রধান শহরে আগের মাসের তুলনায় বাড়ির দাম স্থিতিশীল ছিল, যা টানা নয় মাসের পতনের অবসান ঘটিয়েছে। যদিও গত বছরের তুলনায় নতুন বাড়ির দাম ২ দশমিক ২ শতাংশ কমেছে, তবু বেইজিংয়ের ধারাবাহিক নীতিসহায়তার ফলে বিলাসপণ্যের বাজারে ভোক্তাদের আগ্রহ ফিরবে বলে আশা করা হচ্ছে।

এইচএসবিসির বিশ্লেষক অ্যান-লর বিসমুথ জানান, গত দুই বছরের মন্দা কাটিয়ে বিলাসপণ্য খাতের শেয়ারদরের দিকে নজর দেয়ার এটাই সঠিক সময়। তেলের উচ্চমূল্য বা ভূরাজনৈতিক সংকটের কারণে পুনরুদ্ধারের গতি কিছুটা মন্থর হওয়ার ঝুঁকি থাকলেও সামগ্রিকভাবে ২০২৬ সাল খাতটির জন্য একটি সাফল্যের বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..