জাপানের বাজারে যুক্তরাষ্ট্রের তৈরি টয়োটার গাড়ি বিক্রি শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১৭:২৮:০৮ |
টোকিওতে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি মডেলের গাড়ি বিক্রি শুরু করেছে জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন।

যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে স্বাক্ষরিত শুল্ক চুক্তির আওতায় সহজ আমদানিনীতি ব্যবহার করে এসব গাড়ি গত বৃহস্পতিবার জাপানের বাজারে আনা হয়। খবর আনাদোলু।


প্রতিবেদনে বলা হয়েছে, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্ক চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তৈরি এবং সুরক্ষা বিষয়ে সনদপ্রাপ্ত গাড়িগুলো এখন বাড়তি কোনো নিরাপত্তা পরীক্ষা ছাড়াই জাপানে বিক্রি করা সম্ভব হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যেই বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। গত বছরের এপ্রিলে বিদেশী গাড়ির ওপর শুল্ক ২ দশমিক ৫ থেকে বাড়িয়ে ২৭ দশমিক ৫ শতাংশ করা হয়। পরে আলোচনার মাধ্যমে জাপানি গাড়ির ওপর এ শুল্কহার ১৫ শতাংশে নামিয়ে আনা হয়, যা গত সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

টোকিওতে বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে উৎপাদিত ‘টুন্ড্রা’ পিকআপ ট্রাক এবং ইন্ডিয়ানায় তৈরি ‘হাইল্যান্ডার’ স্পোর্ট ইউটিলিটি ভেহিকল বা এসইউভি বিক্রি শুরু হয়েছে।

বিক্রির লক্ষ্যমাত্রা ও দামের বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, দেশজুড়ে বিক্রয় কার্যক্রম শুরু হওয়ার পর প্রতি মাসে ৮০টি টুন্ড্রা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে সম্ভাব্য খুচরা মূল্য ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ইয়েন বা প্রায় ৭৫ হাজার ডলার। পাশাপাশি প্রতি মাসে ৪০টি হাইল্যান্ডার বিক্রির লক্ষ্য রয়েছে, যার দাম পড়বে ৮৬ লাখ ইয়েন। এছাড়া প্রস্তুতি সম্পন্ন হওয়ামাত্রই যুক্তরাষ্ট্রে তৈরি ক্যামরি সেডান জাপানের বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে টয়োটার।

তিন দশক আগে জাপানের বাজারে জেনারেল মোটরসের (জিএম) একটি মাঝারি আকারের গাড়ি নিজস্ব ব্র্যান্ড নামে বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছিল টয়োটা। ‘টয়োটা ক্যাভলিয়ার’ নামের মডেলটির বিক্রি ছিল খুবই নগণ্য। ফলে পরবর্তী সময়ে অনেকটা নিভৃতেই এর উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিক্রির একটি বড় অংশ আসে মার্কিন বাজার থেকে। সাম্প্রতিক উৎপাদন ও বিক্রির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের অন্যান্য প্রান্তে গাড়ির চাহিদা কমলেও যুক্তরাষ্ট্রে টয়োটার হাইব্রিড গাড়িসহ অন্যান্য মডেলের চাহিদা বেশ শক্তিশালী রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের তথ্যানুযায়ী, জাপানের মোট রফতানি খাতের মধ্যে অটোমোবাইল বা গাড়ি খাতের অবদান ছিল প্রায় ৩০ শতাংশ। এটি যুক্তরাষ্ট্রের বাজারে জাপানের সবচেয়ে বড় রফতানি খাত। নতুন এ আমদানিনীতি উভয় দেশের বাণিজ্য সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।

এদিকে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ থেকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত দুটি মডেলের গাড়ি জাপানের বাজারে আমদানির ঘোষণা দিয়েছে হোন্ডা মোটর কোম্পানি। গত মাসে প্রতিষ্ঠানটি জানায়, এ চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রে নির্মিত এবং সুরক্ষা প্রত্যয়নপ্রাপ্ত যাত্রীবাহী গাড়ি জাপানে বিক্রির ক্ষেত্রে নতুন করে আর কোনো সুরক্ষা পরীক্ষার প্রয়োজন হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..