রেকর্ড দামে বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৩:০৯:৫২ |
ভারতের আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) রেকর্ড দামে বিক্রি হয়েছে। ভারতীয় ও বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি জোট প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার (প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকা) নগদ মূল্যে দলটির পূর্ণ মালিকানা কিনে নিয়েছে। 

বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের পরিচালনা পর্ষদ ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির অনুমোদন দিয়েছে। নতুন এই জোটে রয়েছে আদিত্য বীরলা গ্রুপ, টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোনের বিনিয়োগ কৌশল সংস্থা।


এখন পর্যন্ত ইউএসএলের সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পরিচালিত পুরুষ ও নারী—দুই দলই এই জোটের মালিকানায় যাবে।

এই চুক্তির পরিমাণ যে কত বড়, তা বোঝা যায় ২০২১ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড লখনৌ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি দুই দল মিলিয়ে প্রায় ১২ হাজার ৭১৫ কোটি রুপিতে বিক্রি করেছিল। আরসিবির দাম সে দুই দলের চেয়েও অনেক বেশি।

এর আগে গত নভেম্বরে বৈশ্বিক পানীয় কোম্পানি ডিয়াজিও, যারা ভারতে ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিক, জানায় যে তারা আরসিবিতে তাদের বিনিয়োগ নিয়ে কৌশলগত পর্যালোচনা করছে।


তাদের মতে, ক্রিকেট তাদের মূল ব্যবসার অংশ নয় এবং চলতি বছরের ৩১ মার্চের মধ্যে বিক্রয় প্রক্রিয়া শেষ করার লক্ষ্য ছিল।

তবে এই চুক্তি কার্যকর হতে এখনো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ও ভারতের প্রতিযোগিতা কমিশনের অনুমোদন প্রয়োজন।

২০০৮ সালে আইপিএল শুরুর সময় আটটি দলের মধ্যে বেঙ্গালুরু দলটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামে কেনা। সে সময় বিজয় মাল্যর ইউনাইটেড ব্রুয়ারিজ গ্রুপ ১১ কোটি ১৬ লাখ মার্কিন ডলারে দলটি কিনেছিল।

পরে ২০২৩ সালে নারী লিগে বেঙ্গালুরু দল কিনতে প্রায় ৯০১ কোটি রুপি ব্যয় করা হয়, যা ছিল তৃতীয় সর্বোচ্চ।
নতুন মালিকানা জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের সাবেক ক্রিকেটার আর্যমান বীরলা পরিচালক এবং টাইমস গ্রুপের সত্যন গজওয়ানি সহ- পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এক বিবৃতিতে জোটটি জানায়, ‘দলের শিরোপাজয়ী সংস্কৃতি, বেঙ্গালুরুর সঙ্গে গভীর সংযোগ এবং বিশ্বের অন্যতম আবেগী সমর্থকগোষ্ঠী—সব মিলিয়ে এটি একটি অসাধারণ সুযোগ। আমরা মাঠের ভেতরে ও বাইরে দলটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রভীন সোমেশ্বর বলেন, ‘দলটি লিগের অন্যতম পরিচিত ও বাণিজ্যিকভাবে সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে।


শক্ত প্রতিযোগিতামূলক মনোভাব ও নিজস্ব দর্শনের মাধ্যমে তারা একটি বিশ্বস্বীকৃত ব্র্যান্ড গড়ে তুলেছে।’
নতুন মালিকানা জোটে থাকা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আদিত্য বীরলা গ্রুপ ধাতু, সিমেন্ট, ফ্যাশন ও খুচরা বাণিজ্যে সক্রিয় একটি বহুজাতিক প্রতিষ্ঠান। বোল্ট ভেঞ্চারসের মালিক ডেভিড ব্লিটজার বিশ্বের বিভিন্ন ক্রীড়া দলে বিনিয়োগকারী হিসেবে পরিচিত। আর ব্ল্যাকস্টোন বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাপনায় অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। টাইমস অব ইন্ডিয়া গ্রুপও ভারতে একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম সংস্থা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..