✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ২১:১২:২৫ |দ্বিতীয়বারের মতো ক্রোয়েশিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্লাভেন বিলিচ। তিনি বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্বে ছেড়ে দেওয়া জ্লাতকো দালিচের স্থলাভিষিক্ত হলেন। সাবেক সেন্ট্রাল ডিফেন্ডার বিলিচ ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার নেতৃত্বে দলটি ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উন্নীত করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর বিলিচ বলেন, আমাদের ফুটবলারদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ক্রোয়েশিয়াকে ফুটবলের অভিজাত সারিতে ধরে রাখার লক্ষ্যে দলের মধ্যে প্রাণশক্তি, উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ় সংকল্পের সঞ্চার করাটা আমার দায়িত্ব।
তিনি আরও বলেন, এই নতুন চ্যালেঞ্জ শুরু করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং এর জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছি। ২০০৬ সালের তুলনায় আমি এখন অনেক বেশি পরিপক্ব ও অভিজ্ঞ কোচ। তবে ক্রোয়েশিয়াকে শক্তিশালী, সাহসী ও সফল হিসেবে দেখার সেই একই অনুপ্রেরণা ও আকাঙ্ক্ষা আমার মধ্যে এখনো অটুট রয়েছে।
৫৭ বছর বয়সী বিলিচ বিভিন্ন ক্লাবের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন; এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেশিকতাস, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। খেলোয়াড় হিসেবে ক্রোয়েশিয়ার হয়ে ৪৪টি ম্যাচ খেলা এবং ১৯৯৮ সালে দেশটির প্রথম বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্য বিলিচ ২০২৪ সালের আগস্টে সৌদি প্রো লিগের ক্লাব আল-ফাতেহ ছাড়ার পর থেকে ফুটবলের বাইরে ছিলেন।
বিশ্বকাপে পর্তুগালের কাছে রাউন্ড অব ৩২ এর ম্যাচে হেরে বিদায় নেওয়ার পরপরই জ্লাতকো দালিচ থেকে সরে দাঁড়ান।২০১৭ সালের অক্টোবরে তিনি ক্রোয়েশিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন।