ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ: আলোচনায় দুই দলের জার্সির রং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৪:৪১:১৫ |

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার রাতে মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে দুই দলের জার্সির রং। ইংল্যান্ডের মূল জার্সি সাদা এবং আর্জেন্টিনার ঐতিহ্যবাহী জার্সি আকাশী-সাদা। 

দুটি জার্সিতেই সাদার প্রাধান্য থাকায় মাঠে খেলোয়াড় ও দর্শকদের জন্য তা বিভ্রান্তিকর হতে পারে। কে কোন জার্সি পরে মাঠে নামবে, তা চূড়ান্ত করতে আজ বৈঠকে বসবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ও ফিফার প্রতিনিধিরা। বৈঠকে ম্যাচ-সংক্রান্ত অন্যান্য বিষয় ছাড়াও দুই দলের জার্সির রং নির্ধারণ করা হবে।

ফিফার নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে ব্র্যাকেটের ওপরে থাকা দলকে ‘টিম এ’ ধরা হয়। এবার সেই দল ইংল্যান্ড। সে ক্ষেত্রে ইংল্যান্ড নিজেদের সাদা হোম জার্সি পরলে আর্জেন্টিনাকে খেলতে হবে নীল অ্যাওয়ে জার্সিতে।

তবে আরেকটি সম্ভাবনাও রয়েছে। ইংল্যান্ড চাইলে নিজেদের লাল অ্যাওয়ে জার্সি পরতে পারে। সেক্ষেত্রে আর্জেন্টিনা খেলবে তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে।

যদি আর্জেন্টিনাকে নীল জার্সি পরতে হয়, তাহলে সেটি ফিরিয়ে আনবে ১৯৮৬ বিশ্বকাপের স্মৃতি। মেক্সিকো বিশ্বকাপের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা, আর সেদিন নীল জার্সিতেই খেলেছিলেন দিয়েগো ম্যারাডোনা। সেই ম্যাচেই জন্ম নেয় ‘হ্যান্ড অব গড’ ও ‘শতাব্দীর সেরা গোলের গল্প।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই সাদা জার্সিতে খেলেছে। একমাত্র পানামার বিপক্ষে তারা লাল জার্সি পরেছিল, কারণ পানামার জার্সির রং ছিল লাল।

আর্জেন্টিনা এবার শুধু জর্ডানের বিপক্ষে নীল জার্সিতে খেলেছে। প্রতিপক্ষের সাদা জার্সির কারণে সেবার অ্যাওয়ে কিট ব্যবহার করতে হয়েছিল লিওনেল স্কালোনির দলকে।

আজকের মিটিং শেষেই চূড়ান্তভাবে জানা যাবে, সেমিফাইনালে মেসিরা আকাশি-সাদা জার্সিতেই নামেন, নাকি ১৯৮৬ সালের স্মৃতি জাগানো নীল জার্সিতে মাঠে নামেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..