‘স্পেনের বিপক্ষে ভীত নয় ফ্রান্স’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৪:৪০:২৪ |

বিশ্বকাপের সেমি-ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছে ফ্রান্স। তবে সেই সমীহকে ভয় বলতে রাজি নন ফরাসি ডিফেন্ডাররা। তাদের বিশ্বাস, সঠিক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারবে দিদিয়ে দেশমের দল।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

চলতি আসরে আক্রমণভাগে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। ছয় ম্যাচে ১৬ গোল করে টুর্নামেন্টের অন্যতম সফল আক্রমণভাগ গড়ে তুলেছে তারা। অন্যদিকে স্পেনও আক্রমণে পিছিয়ে নেই। লুইস দে লা ফুয়েন্তের দল ছয় ম্যাচে করেছে ১১ গোল। তবে রক্ষণে স্পেনের শ্রেষ্ঠত্ব আরও স্পষ্ট। ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তারা এবং পাঁচ ম্যাচে রেখেছে ক্লিনশিট।

সাম্প্রতিক পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে স্প্যানিশদের কাছে হেরেছিল ফ্রান্স। এবার বিশ্বকাপের সেমিতে সেই হতাশা কাটানোর সুযোগ পাচ্ছে দেশোঁর দল।

ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন ফরাসি সেন্টার-ব্যাক ইব্রাহিমা কোনাতে। তিনি বলেন,‘আপনি কাউকে ভয় পেতে পারেন না। আমরা সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নেব এবং আশা করি, দিনের শেষে ফল আমাদের পক্ষেই থাকবে।

স্পেনের শক্তির কথা স্বীকার করে কোনাতে বলেন,‘ব্যক্তিগত নৈপুণ্যে ভরপুর অনেক খেলোয়াড় আছে তাদের দলে। আমরা শুধু একজনকে নিয়ে ভাবছি না। যদিও লামিন ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার।’

ফ্রান্সের আরেক সেন্টার-ব্যাক ম্যাক্সিম লাকোয়াও স্পেনকে যথেষ্ট সম্মান দেওয়ার কথা জানিয়েছেন, তবে ভয় পাওয়ার কোনো কারণ দেখছেন না। তিনি বলেন,‘আমি ভয় শব্দটি ব্যবহার করব না। তবে তাদের মান সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। কেইপ ভার্দের বিপক্ষে ম্যাচ ছাড়া তারা সবগুলো ম্যাচ জিতেছে। তাদের দলে উচ্চমানের খেলোয়াড় আছে। আমরা তাদের সম্মান করি, কিন্তু আমাদের লক্ষ্য জয়।’

চলতি বিশ্বকাপে লামিন ইয়ামাল এখনও নিজের সেরাটা দেখাতে পারেননি। এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে একটি গোল। অন্যদিকে চার গোল নিয়ে স্পেনের সর্বোচ্চ গোলদাতা মিকেল ওইয়ারসাবাল।

তবু ইয়ামালকে নিয়ে সতর্ক লাকোয়া। তিনি বলেন,‘আমরা সেরা উপায়ে রক্ষণ সামলানোর চেষ্টা করব। লামিন খুবই ভালো খেলোয়াড়। এই বিশ্বকাপে সে দেখিয়েছে, যেকোনো সময় প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। তাকে থামাতে যা যা করা প্রয়োজন, আমরা সেটাই করার চেষ্টা করব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..