ইন্দোনেশিয়ায় বিয়ে থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৪:৩৮:৩৯ |

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অতিথিবাহী একটি পিকআপ দুটি ট্রাকের মধ্যে চাপা পড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

রবিবার (১২ জুলাই) বিকেলে দেশটির ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা পার্শ্ববর্তী পারেয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান উন্দাং শরিফ হিদায়াত জানান, যাত্রীবোঝাই খোলা পিকআপটি মহাসড়কের মাঝখানে থাকা একটি ইউ-টার্ন পয়েন্ট দিয়ে দিক পরিবর্তনের জন্য ধীরগতিতে চলছিল। এ সময় একই দিক থেকে আসা একটি উইং-বক্স ট্রাক পেছন থেকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ধাক্কার তীব্রতায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে চলে যায়। সেখানে সামনে থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে পিকআপে থাকা যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

ইন্দোনেশিয়ায় অতিরিক্ত যাত্রী বহন, যানবাহনের নিরাপত্তা ত্রুটি, সড়ক অবকাঠামোর সীমাবদ্ধতা এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করার কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..