অপ্টার পূর্বাভাস

শেষ চারে চার পরাশক্তি, ট্রফি জয়ে কে এগিয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৪:২৮:২৭ |

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর নিশ্চিত হয়েছে শেষ চারের লড়াই। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। চার পরাশক্তির এই লড়াইয়ের আগে শিরোপা জয়ের সম্ভাবনা প্রকাশ করেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্ট। তাদের সুপারকম্পিউটারের হিসাব বলছে, ট্রফি জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স, আর সবচেয়ে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের দুর্দান্ত ফর্ম এবং শক্তিশালী স্কোয়াডের কারণেই ফরাসিদের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছে সুপারকম্পিউটার।

শিরোপা জয়ের সম্ভাবনায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা দলটির সম্ভাবনা ২৩.৪৫ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। নকআউট পর্বে জুড বেলিংহাম ও হ্যারি কেইনের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করা দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ।

চার দলের মধ্যে সবচেয়ে কম সম্ভাবনা দেখানো হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।

সেমিফাইনালে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এই ম্যাচে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ, আর স্পেনের ৪২.৩০ শতাংশ।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই লড়াইকে প্রায় সমান সম্ভাবনার হিসেবে দেখলেও ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রেখেছে সুপারকম্পিউটার। ফাইনালে ওঠার সম্ভাবনা ইংল্যান্ডের ৫০.৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৯.০৬ শতাংশ।

তবে এসব পরিসংখ্যান কেবল সম্ভাবনার হিসাব। মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন দল বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..