✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৪:২৭:২৭ |বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে চার পরাশক্তি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। চারটি দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন, পাশাপাশি ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারেও রয়েছে তাদের অবস্থান। তবে শেষ চারের এই লড়াইয়ে একটি দিক থেকে অন্য সবার চেয়ে আলাদা অবস্থানে রয়েছে ফ্রান্স।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচই জিতেছে দিদিয়ের দেশমের দল। শুধু তাই নয়, তাদের সব জয় এসেছে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই। অতিরিক্ত সময় বা টাইব্রেকারের প্রয়োজন হয়নি কোনো ম্যাচেই। সেমিফাইনালিস্ট চার দলের মধ্যে এমন কীর্তি গড়েছে শুধু ফ্রান্স।
স্পেনও পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকলেও গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে। ওই ম্যাচ ছাড়া তাদের সব জয় এসেছে নির্ধারিত সময়েই।
ইংল্যান্ডও অপরাজিত থাকলেও গ্রুপ পর্বে ঘানার সঙ্গে ড্র করে। পরে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারাতে তাদের খেলতে হয়েছে অতিরিক্ত সময়।
অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ও নকআউট পর্বের প্রথম দিকের সব ম্যাচ ৯০ মিনিটেই জিতলেও কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে।
সব মিলিয়ে, শেষ চারের চারটি দলই দুর্দান্ত ছন্দে থাকলেও একমাত্র ফ্রান্সই এখন পর্যন্ত প্রতিটি ম্যাচ নির্ধারিত সময়ের মধ্যেই জিতে সেমিফাইনালে পৌঁছেছে। এই ধারাবাহিকতাই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ফরাসিদের আরও এগিয়ে রাখছে।