✕


বেওয়ারিশ কুকুরের উপদ্রব আতঙ্কে এলাকাবাসী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ১১:৩৫:১০ |

রংপুরের কাউনিয়া উপজেলায় একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান সড়ক, রেলস্টেশন ও হাসপাতালে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ বেড়েছে। দলবদ্ধ কুকুরের তাড়া ও কামড়ের ঘটনায় শিশু, নারী ও বয়স্কসহ সর্বস্তরের মানুষ আতঙ্কে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, চলাচলের সময় কুকুর তেড়ে আসায় রিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। গত কয়েক মাসে ৩০ থেকে ৪০ জনকে কুকুরে কামড়েছে বলে জানান রাজিব গ্রামের সুমন ও নিজপাড়ার প্রহ্লাদ। অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা না থাকায় ভুক্তভোগীদের ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় বাইরে থেকে টিকা কিনতে হচ্ছে; অসচ্ছল অনেকে বাধ্য হচ্ছেন কবিরাজি চিকিৎসায়। শিক্ষক আজিজুল ইসলাম বলেন, নিধনের বদলে বৈজ্ঞানিক উপায়ে বন্ধ্যত্বকরণ ও গণটিকাদানের মাধ্যমে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা জরুরি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন জানান, প্রাণী কল্যাণ আইন-২০১৯ অনুযায়ী কুকুর নিধন বা স্থানান্তর দণ্ডনীয় অপরাধ; তবে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিএনভিআর (ক্যাচ, নিউটার, ভ্যাকসিনেশন অ্যান্ড রিলিজ) পদ্ধতিতে নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।

সচেতন মহল দ্রুত হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্কের টিকা সরবরাহ ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..