✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ১১:৩২:৩৫ |লালমনিরহাট, ময়মনসিংহ ও দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটে তিনজন এবং ময়মনসিংহ ও দিনাজপুরে একজন করে প্রাণ হারান। প্রতিনিধিদের পাঠানো খবর-
লালমনিরহাট: গতকাল রবিবার সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে উভয় গাড়ি গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরুর ব্যাপারী খোড়াগাছ গ্রামের ফজলুল হক মারা যান। আহত মোটরসাইকেল আরোহী কুলাঘাট এলাকার এমদাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতলে ট্রাকের ধাক্কায় নিহত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব অ্যাসিস্ট্যান্ট রবিউল ইসলাম। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।
গৌরীপুর (ময়মনসিংহ): এদিন ভোরে গৌরীপুর-কলতাপাড়া সড়কের গুজিখাঁ এলাকায় বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের সামনে বালু নামিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেইনট্রি গাছে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ট্রাকচালক মো. ইউনুছ নিহত ও তিনজন আহত হন।
ফুলবাড়ী (দিনাজপুর): এদিন সকালে ফুলবাড়ী শহরের তেঁতুলিয়ায় ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মাইদুল ইসলাম নিহত হন। তিনি লালমনিরহাটের কালীগঞ্জের গোপাল রায় গ্রামের ইসাহাক আলীর ছেলে এবং এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে নওগাঁর ধামইরহাটে কর্মরত ছিলেন।