✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ২০:২৩:৩২ |যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও পেশাগত সুযোগের খোঁজে আসা আন্তর্জাতিক শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং বিদেশি সাংবাদিকদের জন্য একটি বড় স্বস্তির খবর এসেছে। ট্রাম্প প্রশাসনের আমলে বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ সীমিত করার একটি প্রস্তাব বাতিল করে দিয়েছেন দেশটির একটি কেন্দ্রীয় আদালত। এর ফলে ভারত বা বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আগের মতোই তাদের বৈধ শিক্ষাক্রম চলাকালীন পুরোটা সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালতের বিচারক এফ. ডেনিস সেইলর চতুর্থ সোমবার (১৬ নভেম্বর) ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) ওই নিয়মটি বাতিল ঘোষণা করেন। তিনি তার রায়ে জানান, প্রস্তাবিত এই বিধিনিষেধগুলোর কোনো আইনগত ভিত্তি নেই।
২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত ওই নিয়মে বলা হয়েছিল, বিদেশি শিক্ষার্থীরা সাধারণত সর্বোচ্চ চার বছর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন। এর বেশি সময় প্রয়োজন হলে তাদের ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এই নিয়মটি মূলত এফ-১ ভিসাধারী শিক্ষার্থী, জে-১ ভিসাধারী এক্সচেঞ্জ ভিজিটর এবং আই-ভিসাধারী বিদেশি সাংবাদিকদের ওপর প্রভাব ফেলত।
বিচারক সেইলর তার পর্যবেক্ষণে বলেন, ডিএইচএসের এই নিয়মটি ‘স্বেচ্ছাচারী, খামখেয়ালি এবং ক্ষমতার অপব্যবহার’। তিনি প্রশ্ন তোলেন, বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা সৃষ্টি করার মতো এ ধরনের বিধিনিষেধ আরোপের পর্যাপ্ত আইনি অধিকার ডিএইচএসের আছে কি না। বিচারক বলেন, ‘কংগ্রেস যেখানে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ দিয়ে তাদের উৎসাহিত করতে চায়, সেখানে ডিএইচএস ঠিক উল্টো কাজটি করে তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করছে।’
প্রস্তাবিত এই পরিবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক শিক্ষা সংস্থাগুলো বেশ উদ্বেগ প্রকাশ করেছিল। কারণ, দীর্ঘমেয়াদি কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পড়াশোনা শেষের আগেই নতুন করে অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। এ ছাড়া পড়াশোনা বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) শেষে শিক্ষার্থীদের দেশে ফেরার প্রস্তুতির সময়ও ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে থাকার মেয়াদ সাধারণত ২৪০ দিন এবং চীনা সাংবাদিকদের জন্য তা আরও কমিয়ে ৯০ দিন করার কথা বলা হয়েছিল।
গত আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠান, একাডেমিক সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলোর একটি জোট এই নিয়মের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করে। তাদের যুক্তি ছিল, এই পরিবর্তিত নিয়মের কারণে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে এবং অতিরিক্ত প্রশাসনিক জটিলতা বাড়বে।
গত সেপ্টেম্বরে মামলাটি চলাকালে আদালত সাময়িকভাবে নিয়মটির কার্যকারিতা স্থগিত করে। আর সোমবারের রায়ে আদালত নিয়মটি পুরোপুরি বাতিল করে দিলেন। আদালত জানিয়েছে, ডিএইচএস এই নীতির সুবিধা-অসুবিধাগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে বা বিদ্যমান অভিবাসন পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নতির মতো বিকল্প কোনো পথের কথা বিবেচনা করতে ব্যর্থ হয়েছে।