✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৯:৫৬:১৬ |চাঁপাইনবাবগঞ্জে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)।
আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয় বরাবর এ স্মারকলিপি দেয় প্রতিষ্ঠানটি। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে একটি এনজিওর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এনজিও গাকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।’
স্মারকলিপি প্রদানকালে আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে এসব ঘটনায় গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। সংগ্রহ করা হয়েছে খাবারের নমুনা। পরীক্ষায় খাবারের নিম্নমান ও ভেজালের বিষয়টি প্রমাণিত হয়েছে। এরপরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।