✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ২০:১৫:৩৯ |ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালত প্রাঙ্গণে নেওয়ার সময় ও পরবর্তীতে প্রিজন ভ্যানে তোলার মুহূর্তে বিক্ষুব্ধ জনতার তীব্র রোষানলের মুখে পড়তে হয়েছে।
চব্বিশের জুলাই আগস্টে রাজধানীর ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যা মামলায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, সাঈদ খোকনকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যানটি ঘিরে ধরেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় উত্তেজিত জনতা ভ্যানটিকে লক্ষ্য করে ঝাড়ু দিয়ে পেটাতে থাকে এবং জুতা ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করে।
আদালত চত্বর ও গেটের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা সাঈদ খোকন ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
রিমান্ড শুনানি শেষে পুলিশ ও ডিবি সদস্যদের কঠোর নিরাপত্তায় সাঈদ খোকনসহ অন্যান্য আসামিদের দ্রুত প্রিজন ভ্যানে তোলা হয়। ভ্যানে ওঠার সময়ও বাইরে থাকা বিক্ষুব্ধ জনতা তাদের লক্ষ্য করে স্লোগান দিতে থাকে এবং ভ্যানের গায়ে আঘাত করে।
কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের এ আদেশ দেন।
এর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক।
এর আগে আজ সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি-১ একটি দল।