✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৯:৪৪:৩৬ |সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে ‘বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।
অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে শিশির মনির বলেন, ‘রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বারবার পরিচয় দিয়ে বলেছেন, ‘‘আমি (রাহেদুল) অমুক নই, আমার নাম রঞ্জু। আপনি আমাকে চেনেন। আমি ফেসবুকে অ্যাক্টিভ। আমি লইয়ার্স কাউন্সিল এবং জামায়াতে ইসলামীর লোক।’’ এরপরও তাকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে পেটানো হয়েছে।’
তিনি বলেন, ‘এভাবে যদি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে অসম্মান করে পার পেয়ে যাওয়া যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না। আমাদের দায়িত্ব আইনের শাসনের জন্য কাজ করা। যিনি এ কাজ করেছেন, তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন।’
সরকারের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ‘এই অরাজক পরিস্থিতি যদি আপনারা বন্ধ করতে না পারেন, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাই খারাপ করতে বাধ্য করছেন।’
তিনি বলেন, ‘সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। এ অপরাধে একটি মামলা রুজু করা দরকার। পাশাপাশি দায়িত্বশীলদের পক্ষ থেকে একটি আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন করে ওই ব্যক্তির ছবি ও পরিচয় সুপ্রিম কোর্টের মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া উচিত। বুধবার এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।’