✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৯:২৫:৫৯ |কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক। গতকাল সোমবার পদত্যাগপত্র পাঠান তিনি। আজ মঙ্গলবার স্পিকার সেটি হাতে পান।
পদত্যাগপত্রে ওসমান ফারুক লিখেছেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় তার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন।
তিনি আরও লেখেন, এই সিদ্ধান্ত গ্রহণ করা তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত।
স্পিকারকে উদ্দেশে ওসমান ফারুক লিখেছেন, তার এই সিদ্ধান্তে সংসদ সদস্যরা এবং কিশোরগঞ্জের জনগণ হতাশ হবেন না বলে আশা করেছেন তনি। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিএনপির একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন ওসমান ফারুক। শিক্ষকতায় ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন তিনি।
ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।