✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৪:২৪:২০ |ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেয় অ্যামাজন এমজিএম স্টুডিওস। এর মধ্য দিয়ে জনপ্রিয় এই গুপ্তচর চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা হতে যাচ্ছেন ৪০ বছর বয়সী প্যাটিনসন।
২০২৮ সালে মুক্তির অপেক্ষায় থাকা জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটির পরিচালক থাকছেন ডেনিস ভিলনুভ এবং চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। তবে সিনেমার নাম ও নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
কিংবদন্তী এ চরিত্রে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। তিনি বলেন, জেমস বন্ড চলচ্চিত্রজগতের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর ভূমিকায় অভিনয়ের সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান।
আগের পাঁচটি বন্ড সিনেমায় অভিনয় করা ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন প্যাটিনসন। এর আগে এ চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ।
‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কুলেন এবং ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান প্যাটিনসন। এ ছাড়া ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’, ‘টেনেট’, ‘মিকি ১৭’ ও ‘দ্য লাইটহাউস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
নতুন বন্ড সিনেমার পরিচালক ভিলনুভ প্যাটিনসনকে স্বাগত জানিয়ে বলেছেন, তার মধ্যে জেমস বন্ডের চিরন্তন বৈশিষ্ট্যের পাশাপাশি সম্পূর্ণ নতুন এক অভিনয়ধারা রয়েছে। অন্যদিকে প্রযোজক অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যানের মতে, অভিনয়ের সাহসিকতা, রসবোধ এবং নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপনের ক্ষমতা প্যাটিনসনকে বর্তমান সময়ের উপযুক্ত জেমস বন্ড করে তুলেছে।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’-এর পর এটিই হতে যাচ্ছে প্রথম জেমস বন্ড সিনেমা। দীর্ঘ সাত বছরের বিরতির পর ২০২৮ সালে ফিরছে জনপ্রিয় এই গুপ্তচর সিরিজ। একই সঙ্গে অ্যামাজনের সৃজনশীল নিয়ন্ত্রণে এটিই হবে বন্ড ফ্র্যাঞ্চাইজির নতুন যুগের প্রথম সিনেমা।