✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৪:২৩:৩২ |চুয়াডাঙ্গার দর্শনা জংশন এলাকায় একটি খালি মালবাহী ট্রেনে অতর্কিত হামলা চালিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে গুরুতর জখম করেছে ছিনতাইকারীরা। বাধা দেওয়ায় তাদের কুপিয়ে জখম করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
গতকাল সোমবার গভীর রাতে দর্শনা জংশনের আউটার সিগন্যাল ও দুধপাতিলা এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— ট্রেনের লোকো মাস্টার (চালক) নজরুল ইসলাম এবং সহকারী লোকো মাস্টার কবির হোসেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি খালি মালবাহী ট্রেনটি দর্শনা জংশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে পড়ে। এ সময় সংঘবদ্ধ একদল ছিনতাইকারী হঠাৎ অতর্কিতভাবে ট্রেনে হানা দেয়। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে চালক ও সহকারী চালককে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে তাদের জিম্মি করে সঙ্গে থাকা মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থাতেই ট্রেনটি চালিয়ে তারা উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও ট্রেনটি পরিদর্শন করেন।
জীবননগর উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াসিন আরাফাত জানান, দুধপাতিলা নামক স্থানে সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনটিতে দুর্বৃত্তরা হামলা চালায়। চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। রক্তাক্ত জখম অবস্থায় তারা ট্রেন চালিয়ে উথলী স্টেশনে এসে পৌঁছান। আহত দুজনকে চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।