✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৪:২০:৫৪ |ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আজ মঙ্গলবার রাজ্যের তেহরি গাড়ওয়াল জেলায় যাত্রীবাহী একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার (৩০০ ফুট) গভীর খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তেহরি গাড়ওয়াল জেলার গুলার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিদ্বার থেকে চামোলির দিকে যাচ্ছিল। পথে গুলার সেতুর কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গভীর খাদে পড়ে যায়।
খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) ব্যাসি ও ঢালওয়ালা ক্যাম্পের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ পর্যন্ত প্রায় ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করতে ঘটনাস্থলে যান তেহরির জেলাশাসক নিতিকা খান্ডেলওয়াল এবং পুলিশ সুপার শ্বেতা চৌবে।
এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।