✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৪:১৯:৫১ |নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে এসে ব্যাংকের প্রধান ফটকের সামনে এ হামলা চালানো হয়। তবে নৈশপ্রহরীর তৎপরতা ও দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান জানান, রাত আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটক লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা পাশের কোয়ার্টারে ঘুমাচ্ছিলেন। বিকট শব্দ শুনে তারা দ্রুত বাইরে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং ব্যাংকেরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত হিসেবে দুটি কাঁচের বোতল উদ্ধার করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।