✕

সর্বশেষ :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকার ২১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ফরাসি সপ্তাহ’ যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য পুরোনো নিয়ম বহাল জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও আদালত প্রাঙ্গণে সাঈদ খোকনকে বহনকারী প্রিজন ভ্যানে ঝাড়ুপেটা এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, মন্ত্রণালয়ে স্মারকলিপি

ঘন কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর, কমেছে তাপমাত্রা

হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলছে যানবাহন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৪:০৩:২১ |

শীতের আগমনী বার্তা নিয়ে দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে কুয়াশা। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় জেলার বিভিন্ন এলাকা। বেলা ১২টা পর্যন্ত কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। এ সময় সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে।

গত কয়েক দিন ধরে দিনাজপুরে তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকালে সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। ঘন কুয়াশায় কৃষিকাজেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষকেরা। তাঁদের মতে, কুয়াশার কারণে আমন ধান কাটা, আলুবীজ রোপণ এবং আলুসহ বিভিন্ন সবজির ক্ষেতের পরিচর্যায় খরচ বাড়তে পারে।

শহরের বাসিন্দা রাকিবুল ইসলাম রাকিব বলেন, কয়েক দিন ধরে হালকা কুয়াশা পড়ছে। শীতও অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ ঘন কুয়াশা পড়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে সবজি চাষের খরচ বেড়ে যাবে। পাশাপাশি শীতের তীব্রতাও বাড়বে। সদর উপজেলার শশরা গ্রামের আলী আকবর বলেন, আজকের কুয়াশা জানান দিচ্ছে, উত্তরের জেলায় শীত এসে গেছে। তাই শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন তাঁরা।

উলিপুর গ্রামের আসাদুজ্জামান আসাদ বলেন, ঘন কুয়াশা রবিশস্যের জন্য কিছুটা ক্ষতিকর। কুয়াশা থেকে ফসল রক্ষা করতে সবজি চাষে খরচ বাড়বে। আগাম আলুর জন্যও কুয়াশা ক্ষতিকর হতে পারে। প্রতিদিন স্প্রে করতে হলে উৎপাদন খরচ বেড়ে যাবে।

সবজি নিয়ে বাজারে আসা উলিপুরের কৃষক লিটন বলেন, ফজরের নামাজের পর কুয়াশার কারণে রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে দেরিতে বের হয়ে সাইকেলে করে সবজি নিয়ে আসতে হয়েছে। আজই প্রথম এত ঘন কুয়াশা দেখেছেন তিনি। বাসশ্রমিক রায়হান বলেন, শীত আসছে। তবে শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই এত কুয়াশা পড়েছে যে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েক দিন ধরে দিনাজপুরে কুয়াশা দেখা যাচ্ছে। তবে চলতি মৌসুমে মঙ্গলবার সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে। এদিন সকাল ১১টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। চলতি সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..