✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৩:৫৫:২৭ |চীনের কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পৌঁছানো ঠেকাতে নতুন করে কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর শিল্পে।
নতুন বিধিনিষেধের খবরে মঙ্গলবার (১৭ নভেম্বর) অঞ্চলটির বিভিন্ন প্রযুক্তি ও ডেটা সেন্টার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে কমেছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, চীনা প্রতিষ্ঠানের জন্য কম্পিউটিং সক্ষমতা সরবরাহের সুযোগ সংকুচিত হলে এ অঞ্চলে শত শত কোটি ডলারের বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন নিয়মে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, এসব দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত উন্নত চিপ চীনের হাতে পৌঁছাতে পারে। পাশাপাশি চীনে অবস্থিত প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ কম্পিউটিং সক্ষমতা সরবরাহকারী বিদেশি ডেটা সেন্টারগুলোর ওপরও নতুন শর্ত আরোপ করা হয়েছে।
এত দিন চীনা প্রতিষ্ঠানগুলো সরাসরি উন্নত মার্কিন চিপ কিনতে না পারলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন ডেটা সেন্টার থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিয়ে এআই মডেল প্রশিক্ষণের কাজ চালাতে পারত। নতুন বিধিনিষেধের মূল উদ্দেশ্য এ ধরনের পরোক্ষ প্রবেশের সুযোগ বন্ধ করা।
শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব
নতুন মার্কিন বিধিনিষেধের খবরে মালয়েশিয়ার ডেটা সেন্টার ও চিপ শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে বড় পতন দেখা গেছে। দেশটির এনভিডিয়ার এআই অবকাঠামো অংশীদার ওয়াইটিএল পাওয়ারের শেয়ারের দর প্রায় ১০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়াইটিএল করপোরেশনের শেয়ারও ৮ শতাংশের মতো কমেছে। চিপ শিল্পে সহায়ক সেবা দেওয়া প্রতিষ্ঠান ফ্রন্টকেনের শেয়ার কমেছে ৪ শতাংশ। ডেটা সেন্টার নির্মাণ ও বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত সানওয়ে কনস্ট্রাকশন, তেনাগা ন্যাশনাল, গামুদা ও সামাইডেনের শেয়ারেও দরপতন হয়েছে।
সিঙ্গাপুরের চিপ সরঞ্জাম সরবরাহকারী ফ্রেনকেনের শেয়ার কমেছে ৩ দশমিক ৯১ শতাংশ। সেমিকন্ডাক্টর পরীক্ষার সরঞ্জাম প্রস্তুতকারী এইএমের দর কমেছে ২ দশমিক ৯ শতাংশ। এশিয়ার অন্যান্য বাজারেও এর প্রভাব পড়েছে। চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানের চিপ, সার্কিট বোর্ড, তাপ নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও দরপতন হয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, নতুন নিয়মের কারণে শুধু ডেটা সেন্টার নয়, পুরো এআই সরবরাহব্যবস্থাই চাপে পড়তে পারে।
চীনা গ্রাহকদের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠান বেশি ঝুঁকিতে
মালয়েশিয়ার এমবিএসবি ব্যাংকের বিশ্লেষকদের মতে, যেসব ডেটা সেন্টার চীনা এআই প্রতিষ্ঠান কিংবা স্বচ্ছতা কম এমন ‘জিপিইউ-অ্যাজ-আ-সার্ভিস’ ব্যবসার ওপর নির্ভরশীল, তাদের জন্য লাইসেন্স ও গ্রাহক যাচাইয়ের প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। এর ফলে ডেটা সেন্টারের ব্যবহার কমে যাওয়া, সেবার মূল্য কমানোর চাপ এবং নতুন প্রকল্প সম্প্রসারণে বিলম্বের আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান চীনা গ্রাহকদের কাছ থেকে বড় অঙ্কের আয় করে, তাদের ব্যবসায়িক পরিকল্পনা নতুন করে সাজাতে হতে পারে।
তবে এ বিধিনিষেধের প্রভাব সব প্রতিষ্ঠানের ওপর সমান হবে না। যেসব ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান বা স্থানীয় গ্রাহকদের সেবা দেয়, তারা তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ নতুন বিধিনিষেধের প্রধান লক্ষ্য চীনা প্রতিষ্ঠানের কাছে উন্নত কম্পিউটিং সক্ষমতা পৌঁছানো বন্ধ করা।
শত শত কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে
দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিতে ডেটা সেন্টার শিল্প এখন গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির চালিকাশক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার, ক্লাউড সেবা এবং ডিজিটাল ব্যবসার প্রসারের কারণে এ অঞ্চলে নতুন নতুন ডেটা সেন্টার গড়ে উঠছে। মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে দেশটিতে ডেটা সেন্টার সংশ্লিষ্ট প্রকল্পে ৩৮ হাজার ৫৭০ কোটি রিঙ্গিত বা প্রায় ৯৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।
থাইল্যান্ডেও এ শিল্পের দ্রুত সম্প্রসারণ ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে ৪২টি ডেটা সেন্টার ছিল। এসব প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি সক্ষমতা ৩ হাজার ৪০০ মেগাওয়াট। এ খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ৭৫০ বিলিয়ন বাথ বা ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে ২০২৫ সালে ইন্দোনেশিয়ার ডেটা সেন্টার বাজারের মূল্য ছিল ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
এআই শিল্পের সম্প্রসারণের প্রভাব দেশগুলোর অর্থনীতিতেও পড়ছে। গত আগস্টে সিঙ্গাপুর চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশ করেছে। এর পেছনে এআই খাতের প্রবৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। মালয়েশিয়ায় ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পের কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নির্মাণ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ।
চীনের প্রযুক্তি প্রবেশ ঠেকাতে কঠোর ওয়াশিংটন
যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধের লক্ষ্য উন্নত মার্কিন চিপ ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলোর এআই সক্ষমতা বাড়ানোর সুযোগ সীমিত করা। বিশেষ করে এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ এআই মডেল প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চীনা প্রতিষ্ঠানগুলো সরাসরি এসব চিপ কিনতে না পারলেও তৃতীয় দেশে অবস্থিত ডেটা সেন্টার থেকে কম্পিউটিং ক্ষমতা ভাড়া নিয়ে তা ব্যবহার করতে পারছিল। নতুন নিয়মে এ ধরনের সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ওপর গ্রাহক যাচাই ও লাইসেন্সসংক্রান্ত বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলেছে, সংবেদনশীল মার্কিন প্রযুক্তিতে প্রবেশের ওপর বিদ্যমান বিধিনিষেধ যেন তৃতীয় দেশের ডেটা সেন্টার ব্যবহার করে এড়িয়ে যাওয়া না যায়, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
সিঙ্গাপুরের বাণিজ্য ও যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন মার্কিন বিধিনিষেধের বিস্তারিত পর্যালোচনা করছে। একই সঙ্গে প্রভাবিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। দেশটির সরকার আরও জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে সিঙ্গাপুরের সুনাম তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্য দেশের রপ্তানি নিয়ন্ত্রণ আইন এড়াতে সিঙ্গাপুরের নাম বা ব্যবসায়িক পরিচয় ব্যবহার করা কোনো প্রতিষ্ঠানকে তারা সমর্থন করবে না।
সামনে কী অপেক্ষা করছে
বিশ্লেষকদের মতে, নতুন বিধিনিষেধ দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার শিল্পে স্বল্পমেয়াদি অনিশ্চয়তা তৈরি করবে। বিশেষ করে চীনা গ্রাহকদের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর আয়, বিনিয়োগ এবং নতুন প্রকল্পের সম্ভাবনা পুনর্মূল্যায়ন করতে হতে পারে। তবে এআই, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল সেবার বৈশ্বিক চাহিদা বাড়তে থাকায় এ অঞ্চলের ডেটা সেন্টার শিল্পের দীর্ঘমেয়াদি সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। বরং বিনিয়োগকারীরা এখন গ্রাহকের পরিচয়, প্রযুক্তির উৎস, বিদ্যুৎ সরবরাহ এবং নিয়ন্ত্রক কাঠামোর স্বচ্ছতাকে বেশি গুরুত্ব দিতে পারেন।
ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ। একদিকে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ মেনে চলা, অন্যদিকে চীনসহ আন্তর্জাতিক বাজারের বিনিয়োগ ও ব্যবসার সুযোগ ধরে রাখা। এই ভারসাম্য রক্ষা করতে না পারলে এআইনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম সম্ভাবনাময় খাতটি বাধার মুখে পড়তে পারে।
তথ্য সূত্র- রয়টার্স।