✕

সর্বশেষ :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকার ২১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ফরাসি সপ্তাহ’ যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য পুরোনো নিয়ম বহাল জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও আদালত প্রাঙ্গণে সাঈদ খোকনকে বহনকারী প্রিজন ভ্যানে ঝাড়ুপেটা এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, মন্ত্রণালয়ে স্মারকলিপি

আইপিএলে খেলছেন না ট্রাভিস হেড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৩:৩৫:৪৭ |

আইপিএলের ২০২৭ আসরে দেখা যাবে না সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) আলোচিত উদ্বোধনী জুটি ‘ট্রাভিশেক’—ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে চাপ কমাতে আসন্ন আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা হায়দরাবাদকে জানিয়েছেন হেড। ফলে তাকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

হেডের এই সিদ্ধান্তে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ বড় ধাক্কা খাবে। তবে একই সঙ্গে ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় নিলামের জন্য তাদের অর্থের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে ধরে রাখা পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটারের একজন ছিলেন হেড। আইপিএল কর্তৃপক্ষ তার ছেড়ে দেওয়ার বিষয়টি অনুমোদন করলে ওই অর্থ যোগ হবে হায়দরাবাদের নিলামের তহবিলে। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার বিষয়ে সব দলকে সিদ্ধান্ত জানানোর শেষ দিন মঙ্গলবার, ১৭ নভেম্বর।

হেডের এই সিদ্ধান্ত অবশ্য একেবারে অপ্রত্যাশিত নয়। গত আগস্টে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ক্রিকইনফোকে বলেছিলেন, ২০২৭ সালে অস্ট্রেলিয়ার সামনে ‘বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রাধিকারভিত্তিক ক্রিকেট’ থাকায় তাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। ২০টি টেস্টের ঠাসা সূচির পাশাপাশি জুনে আইপিএল শেষ হওয়ার পরপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। এরপর জুন থেকে আগস্ট পর্যন্ত অ্যাশেজ এবং অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে তাদের।

২০২৫ সালের মেগা নিলামের আগে ধরে রাখা কোনো খেলোয়াড়কে ছেড়ে দিলে কিংবা অন্য দলের সঙ্গে অদলবদল করলে, সে সময়ের খেলোয়াড় ধরে রাখার নির্ধারিত মূল্যস্তর অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির নিলামের অর্থ সমন্বয় করা হয়। হায়দরাবাদের ক্ষেত্রে এতে বাড়তি কোনো অর্থ যোগ বা বিয়োগ হবে না। কারণ মেগা নিলামের আগে চারজন আন্তর্জাতিক ক্রিকেটার ধরে রাখার মূল্য ছিল ৬১ কোটি রুপি। তাদের বাকি চারজন খেলোয়াড়ের পারিশ্রমিকের যোগফলও ঠিক ৬১ কোটি রুপি। হেনরিখ ক্লাসেন ২৩ কোটি, প্যাট কামিন্স ১৮ কোটি, অভিষেক শর্মা ১৪ কোটি এবং নীতিশ কুমার রেড্ডি ৬ কোটি রুপিতে দলে রয়েছেন।

২০২৪ সালের আইপিএল নিলামে ৬ কোটি ৮০ লাখ রুপিতে প্রথমবার হেডকে দলে নিয়েছিল হায়দরাবাদ। তখন প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি বলেছিলেন, বাঁহাতি উদ্বোধনী ব্যাটার দলে নিতে তারা ‘বদ্ধপরিকর’ ছিলেন। ২০২৩ সালের নিলামে অবিক্রীত থাকা হেড হায়দরাবাদে যোগ দিয়ে নিজেকে অমূল্য সম্পদ হিসেবে প্রমাণ করেন। ৪০-এর বেশি গড় এবং ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। যদিও ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় হায়দরাবাদ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আগে ১০টি ম্যাচ খেলা হেডের জন্য হায়দরাবাদ ছিল দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি। দলটির হয়ে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ৩২.৯৫ গড় এবং ১৭৬.১৪ স্ট্রাইক রেটে ১ হাজার ৩৫১ রান করেছেন তিনি। তবে হায়দরাবাদের জন্য তার সবচেয়ে বড় অবদান অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে ব্যাটিংয়ে অসাধারণ সাফল্য। এই জুটি শুধু আইপিএল নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্বোধনী ব্যাটিংয়ের ধরনেই বড় পরিবর্তন এনেছিল।

রানের হিসাবে হায়দরাবাদের হয়ে দ্বিতীয় সফল উদ্বোধনী জুটি হেড-অভিষেকের। তাদের চেয়ে এগিয়ে কেবল শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নার। ৪২ ইনিংসে হেড-অভিষেক জুটি করেছে ১ হাজার ৮৯২ রান। গড় ৪৬.১৪। এর মধ্যে রয়েছে ছয়টি শতরানের এবং নয়টি অর্ধশতরানের জুটি। অন্যদিকে জুটিতে অন্তত ১ হাজার রান করার শর্ত বিবেচনায় নিলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত রান তোলা জুটি এই দুজনের। তাদের রান তোলার হার প্রতি ওভারে ১২.২৭।

এদিকে লেগ স্পিনার জিশান আনসারিকে দিল্লি ক্যাপিটালসের কাছে ছেড়ে দিয়ে বাঁহাতি পেসার টি নটরাজনকে দলে নিয়েছে হায়দরাবাদ। এ ছাড়া চেন্নাই সুপার কিংসের কাছ থেকে পেসার খলিল আহমেদ ও নাথান এলিসকে দলে নিয়েছে তারা। বিনিময়ে লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গুজরাট টাইটানসের কাছে ৪ কোটি রুপির বিনিময়ে হর্ষল প্যাটেলকেও ছেড়ে দেওয়ার কথা রয়েছে তাদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..