✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১১:৩৯:৪৩ |আজ ১৭ নভেম্বর। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর ৫০ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষের হৃদয়ে আজও অম্লান মজলুম এই জননেতা। কৃষক, শ্রমিক, মেহনতি ও অধিকারবঞ্চিত মানুষের স্বার্থে আজীবন লড়াই করা এই নেতার রাজনৈতিক আদর্শ ও সংগ্রাম সময়ের ব্যবধানে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তবে অনুসারীদের অভিযোগ, জাতীয় রাজনীতিতে যথাযথ মূল্যায়ন ও চর্চার অভাবে আড়ালেই রয়ে গেছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্বাধীনতাপূর্ব ও পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিসরে তার অবদান প্রত্যাশিত গুরুত্ব পায়নি। অথচ শোষণ, বৈষম্য, আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান এখনও মানুষকে অনুপ্রাণিত করে। দিবসটি ঘিরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বাণী দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে এ জননেতাকে। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মওলানা ভাসানী মৃত্যুবরণ করেন। পরে তাকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে তার জন্ম হলেও জীবনের অধিকাংশ সময় তিনি সন্তোষেই কাটিয়েছেন।
কৈশোর ও যৌবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মওলানা ভাসানী। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। লাইন-প্রথা উচ্ছেদ এবং জমিদারদের নির্যাতনবিরোধী আন্দোলনসহ আজীবন তিনি সাধারণ মানুষের কল্যাণে সংগ্রাম করেছেন। তার উদ্যোগে ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারীতে অনুষ্ঠিত ‘ঐতিহাসিক কাগমারী সম্মেলন’ তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল।
অধিকারবঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের স্বার্থরক্ষায় তিনি নিরবচ্ছিন্নভাবে লড়াই করেছেন। জাতীয় সংকটে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। তিনি সব সময় ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন। ক্ষমতার খুব কাছাকাছি থাকলেও ক্ষমতার মোহ তাকে কখনো স্পর্শ করেনি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাদাসিধে।
কৃষক, শ্রমিক, জেলে, মজুর, কামার, কুমার, তাঁতি ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় মৃত্যুর আগপর্যন্ত লড়াই করেছেন মওলানা ভাসানী। এ কারণেই দেশের মানুষের অন্তরে চিরজাগরূক হয়ে আছেন এই জননেতা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা প্রতিটি পর্যায়েই মওলানা ভাসানীর ছিলেন গণমানুষের পক্ষে সোচ্চার। ক্ষমতার চেয়ে মানুষের অধিকার, ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থ এবং আপসের চেয়ে ন্যায়ের প্রশ্নকে প্রাধান্য দেওয়া এই নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র অবস্থানের অধিকারী।
ভাসানী অনুসারীদের মতে, সময়ের প্রয়োজনে মানুষের মধ্যে ভাসানীর নীতি ও আদর্শের জাগরণ ঘটছে। দেশ-বিদেশের নানা সংকট ও সম্ভাবনায় তিনি নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ভাসানীকে নিয়ে গবেষণা, চর্চা, সভা ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। লেখক ও চিন্তাবিদদের মতে, হাড়ে-মাংসে ও অস্থিমজ্জায় কৃষক সম্প্রদায়ের নেতা ছিলেন মওলানা ভাসানী।
নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ক্ষমতার প্রয়োজনীয়তা অনুভব করলেও নিজে কখনো ক্ষমতায় আসীন হননি। জাতীয় রাজনীতিতে তার বংশের উত্তরাধিকারীরাও ক্ষমতাসীন হতে পারেননি। ফলে বৃহৎ পরিসরে তাকে তুলে ধরার সুযোগ সীমিত থেকেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হয়েও তিনি আড়ালে-অন্তরালেই রয়ে গেছেন। এসব কারণে জাতীয় রাজনীতির অঙ্গনে মওলানা ভাসানী অবহেলিত বলে মনে করেন তার অনুসারীরা।
জীবদ্দশায় ভাসানী বলেছিলেন, ‘দারিদ্র্যকে দূর করিয়া দাও, শোষণকে উচ্ছেদ করিয়া দাও, সবার মুখে হাসি ফুটিতে দাও, তবেই আমার কাজ ফুরাইবে।’ তার অনুসারীদের মতে, পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে ভাসানীই প্রথম পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ স্বাধীন করার হুংকার দিয়েছিলেন। অত্যাচারী শাসক ও শোষকের বিরুদ্ধে তার সেই ‘খামোশ’ উচ্চারণ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার বলিষ্ঠ কণ্ঠের ভাষণ এখনো মানুষের হৃদয়ে অনুরণিত হয়।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের অন্যতম ছিলেন। এ ছাড়া বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টাম-লীর সভাপতির দায়িত্বও পালন করেন।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে বলিষ্ঠ কন্ঠস্বর। তিনি ছিলেন শোষিত-নির্যাতিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কন্ঠ। মওলানা ভাসানী মজলুমের বন্ধু, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠির বিরুদ্ধে এক সোচ্চার প্রতিবাদী কন্ঠস্বর। যুগে যুগে তিনি শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণার উৎস হয়ে থাকবেন।
স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় মওলানা ভাসানী যুগ যুগ ধরে আমাদেরকে প্রেরণা জোগাবে, দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে বলে বাণীতে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে সবার প্রতি আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
কর্মসূচি : মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি ২ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আজ মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও আলোচনা সভা। পরের দিন আগামীকাল বুধবার ঢাকায় আলোচনা সভা।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সেমিনার, মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এবং সপ্তাহব্যাপী ‘ভাসানী মেলা’র আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ১৭ নভেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।