✕


অভিবাসী প্রত্যাবাসনে নতুন কৌশল, রুয়ান্ডার সঙ্গে ৫ ইউরোপীয় দেশের চুক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১১:২৪:৪৪ |

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে আফ্রিকার দেশ রুয়ান্ডায় একটি অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ। ২০২৭ সালে চালু হতে যাওয়া এ কেন্দ্রে জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস থেকে অভিবাসীদের পাঠানো হবে। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার দেশগুলোর সরকার পৃথক বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানিয়েছে। তাদের ভাষায়, এটি একটি ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র হিসেবে কাজ করবে। যেসব অভিবাসীর পাঁচটি দেশে বৈধভাবে থাকার সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে এবং যাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে, কেবল তাদের ক্ষেত্রেই এ ব্যবস্থা প্রযোজ্য হবে।

নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে এই কেন্দ্র অভিবাসীদের জন্য একটি বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে। রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা দেশটির সমাজে একীভূত হতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন। সেখানে বসবাসের অনুমতি ছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও আইনি ব্যবস্থার সুযোগ পাবেন তারা।

প্রাথমিক পর্যায়ে শুধু অবিবাহিত পুরুষ অভিবাসীদের পাঠানো হবে বলে জানিয়েছে ডাচ সরকার। বিশেষ করে রুয়ান্ডার কাছাকাছি অঞ্চলের দেশগুলো থেকে আসা অভিবাসীদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। তবে কোনো সঙ্গীহীন শিশুকে এই কেন্দ্রে পাঠানো হবে না।

সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং মানবপাচারকারীদের মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণঘাতী যাত্রা বন্ধ করাই এই উদ্যোগের লক্ষ্য।

এর আগে যুক্তরাজ্যও আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর একটি চুক্তি করেছিল। তবে সেই পরিকল্পনায় আশ্রয়ের আবেদন প্রক্রিয়াকরণের জন্য অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল। আইনি জটিলতায় চুক্তিটি কার্যকর হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর লেবার সরকার সেটি বাতিল করে। নতুন উদ্যোগে যুক্তরাজ্যও যোগ দিতে পারে কি না, এমন প্রশ্নে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, তারা বিষয়টি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করবে।

তবে পরিকল্পনাটির সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে স্পেনের টেলিভিশন চ্যানেল টেলিসিনকো জানিয়েছে, তিনি বলেছেন, রুয়ান্ডায় কেন্দ্র খোলার এই পরিকল্পনায় ভবিষ্যৎ বা মানবিকতা কোনোটিই দেখছেন না। এটি কোনো সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, অভিবাসীদের জন্য নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান দিতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। অনিয়মিত অভিবাসনের অন্যতম কারণ হিসেবে অর্থনৈতিক সুযোগের বৈশ্বিক অসমতার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

কূটনৈতিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এ কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় ১০০ জন অভিবাসী রাখা হতে পারে। পাঁচটি দেশ থেকে প্রত্যেকে আনুমানিক ২০ জন করে অভিবাসী পাঠাতে পারে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখতে পারে।

তবে মানবাধিকার সংস্থাগুলো এ উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের আফ্রিকাবিষয়ক জ্যেষ্ঠ গবেষক ক্লেমেন্টাইন দে মন্টজয় বলেছেন, ভিন্নমত দমন, নির্বিচারে আটক, বন্দিদশায় নির্যাতন এবং প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সশস্ত্র বিদ্রোহীদের সমর্থনের ক্ষেত্রে রুয়ান্ডার অতীত রেকর্ড উদ্বেগজনক।

তার মতে, অভিবাসীদের বহিষ্কারের এই কর্মসূচি পরিচালনার জন্য কিগালিকে অর্থ দেওয়া হলে তা শুধু প্রত্যাবাসিত ব্যক্তিদের দুর্ভোগই বাড়াবে না, বরং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সরকারকেও আর্থিক ও রাজনৈতিক সুবিধা দেবে।

ইইউর স্বাধীন সংস্থা এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটসও বলেছে, প্রত্যাবাসন কেন্দ্র পরিচালনাকারী তৃতীয় দেশকে অবশ্যই মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না, যেখানে তিনি নিপীড়ন বা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন।

ইউরোপের বিভিন্ন দেশে নির্বাচন সামনে রেখে অভিবাসন নিয়ন্ত্রণে রাজনৈতিক চাপ বাড়ছে। নিরাপত্তা উদ্বেগ, অর্থনৈতিক সংকট এবং ক্ষমতাসীন দলগুলোর প্রতি অসন্তোষও অভিবাসনবিরোধী মনোভাব জোরদারে ভূমিকা রাখছে।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশ শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৯ শতাংশ কম।

শুধু অক্টোবর মাসেই প্রায় ১৮ হাজার ১০০টি অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত হয়েছে। ২০২৫ সালের অক্টোবরের তুলনায় এ সংখ্যা ৬ শতাংশ কম হলেও সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেশি। মূলত পশ্চিম আফ্রিকা হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..