✕


পটুয়াখালীতে তেলের ট্যাঙ্কারের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ১৪:৪৪:১৩ |

পটুয়াখালীতে পিকআপ ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক চাঁন মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর উত্তর প্রান্তের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের আজাহার কাজীর ছেলে।

আহতরা হলেন, হারুন মোল্লা ও তার স্ত্রী মরিয়ম বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বের হয়ে সড়কে আসেন। এ সময় পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ দেখতে পান। সংঘর্ষে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জানা গেছে, বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীতে আসছিলেন হারুন মোল্লা ও তার স্ত্রী মরিয়ম বেগম। পথে পটুয়াখালী সেতুর উত্তর প্রান্তে ঢালে পৌঁছালে তাদের বহনকারী পিকআপের সঙ্গে তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজন আহত হন। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী হাইওয়ে পুলিশ সদস্য মো. রবিউল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিকটবর্তী ফিলিং স্টেশনে নেওয়া হয়েছে।

নিহত চাঁন মিয়ার মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..