✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২১:৪২:০৯ |রাজধানীর বিমানবন্দর এলাকায় পাজেরো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে স্কলাস্টিকা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুর সদর কেশুরিতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোবারক হোসেন রাজু (২৪) ও গাইবান্ধা সদর রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে মো. ফরিদুল ইসলাম সরদার (৪০)।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো.শফিকুল ইসলাম জানান, দুপুরে মোটরসাইকেলে করে ভাষানটেক থেকে উত্তরা যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে একটি দ্রুতগতির পাজেরো গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে দুইজন আহত হয়। সংবাদ পেয়ে সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখান কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও গাড়িটিকে জব্দ করা সম্ভব হয়নি।’