✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ১৫:২০:০৩ |কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই আলোচনায় উঠে এল দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি নেকলেস।
২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে পরা সেই গয়নায় আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’। অর্থাৎ ‘আল্লাহর নিরাপত্তায়’। পুরোনো ছবি নতুন করে ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন দীপিকা। সেখানেই ভারতীয় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা ব্যতিক্রমী একটি নেকলেসে নজর কেড়েছিলেন অভিনেত্রী। ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল গয়নাটি। ‘লখনউ রোজ’ নামের নেকলেসটিতে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশার মেলবন্ধন ঘটানো হয়েছিল।
রত্নপাথর ও অপরিশোধিত হীরায় তৈরি গয়নাটিতে ছিল মহারানি নেকলেসের আদল। পশ্চিমা পোশাকের সঙ্গে গয়নাটি পরেছিলেন দীপিকা। তবে এর একটি পাথরে আরবি ভাষায় খোদাই করা ‘ফি আমানিল্লাহ’ শব্দবন্ধটিই এখন নতুন করে আলোচনার কেন্দ্রে। কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর দীপিকার সেই পুরোনো সাজের ছবিও যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।
বিতর্কের সূত্রপাত গত ২০২৬ সালের দীপাবলিতে। উৎসবের সাজে কারিনা কাপুর খানের গলায় দেখা যায় ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। দাবি করা হয়, ওই লকেটে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি গোটাপট্টির পোশাক, বেইজ রঙের পাগড়ি আর প্রাচীন নকশার পান্নার লকেটে সেদিন নজর কেড়েছিলেন অভিনেত্রী। তার সাজের প্রশংসার পাশাপাশি লকেটটি নিয়েই শুরু হয় বিতর্ক। কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের।
এ নিয়ে বিতর্ক আরও জোরালো হয় গত ১১ নভেম্বর। কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ। তার আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিশের বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে হাফিজ জানিয়েছেন, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নয়, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
কারিনার লকেট ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই দীপিকার পুরোনো গয়না সামনে আসায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। দুই অভিনেত্রীর গয়নাতেই আরবি শব্দ ও ধর্মীয় অনুষঙ্গ থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।